
সকালের সময়ে সংবাদ প্রকাশের পর প্রকাশিত হলো ৯ মাস ধরে আটকে থাকা ফল
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে ফল প্রকাশ করা হয়। এর মধ্য দিয়ে প্রায় নয় মাস ধরে ফলের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের অনিশ্চয়তার অবসান হলো।
গত ২৩ নভেম্বর ‘৯ মাসেও প্রকাশ হয়নি নৃবিজ্ঞান বিভাগের প্রথম সেমিস্টারের ফল, ভোগান্তিতে শিক্ষার্থীরা’ শিরোনামে সকালের সময়ে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের তিন দিনের মাথায় আজ ফল প্রকাশ করল বিভাগটি। দীর্ঘদিন ফল আটকে থাকায় অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক হলে আসন বরাদ্দ নিয়ে ভোগান্তিতে ছিলেন শিক্ষার্থীরা।
ফল প্রকাশের পর স্বস্তি প্রকাশ করেছেন বিভাগের শিক্ষার্থীরা। তাঁরা জানান, দীর্ঘ সময় ফল প্রকাশ না হওয়ায় পরবর্তী অ্যাকাডেমিক কার্যক্রম ও আবাসিক হলে আসন বরাদ্দ নিয়ে অনিশ্চয়তায় ছিলেন। বিশেষ করে ফল না থাকায় হলে আসনের জন্য আবেদন করতে না পারায় অনেককে বিশ্ববিদ্যালয়ের বাইরে মেস ও ভাড়া বাসায় থাকতে হয়েছে। এতে অতিরিক্ত আর্থিক চাপও তৈরি হয়েছিল।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান (ছদ্মনাম) বলেন, ‘দীর্ঘ নয় মাস ধরে প্রথম সেমিস্টারের ফলের অপেক্ষায় ছিলাম। এ সময়ে আমাদের মধ্যে একধরনের অনিশ্চয়তা কাজ করেছে। বিশেষ করে হলে আসনের জন্য আবেদন করতে না পারায় বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে। অবশেষে ফল প্রকাশ হওয়ায় আমরা স্বস্তি পেয়েছি। আমাদের সমস্যাটি সংবাদে তুলে ধরার জন্য সকালের সময়কে ধন্যবাদ জানাই।’
একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাইসা (ছদ্মনাম) বলেন, ‘আমাদের সঙ্গে একই সময়ে ভর্তি হওয়া অন্য বিভাগের শিক্ষার্থীরা অনেক আগেই পরবর্তী সেমিস্টারের কার্যক্রমে এগিয়ে গেছেন। অথচ আমরা প্রথম সেমিস্টারের ফলের জন্য অপেক্ষা করছিলাম। বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন ছিলাম। সকালের সময়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে এবং দ্রুত ফল প্রকাশিত হয়েছে। আমাদের ভোগান্তির কথা তুলে ধরায় সকালের সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
এর আগে গত ফেব্রুয়ারিতে প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হলেও ফল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি হয়। বিভাগীয় প্রধান স্বপ্না পাপুল জানিয়েছিলেন, খাতা মূল্যায়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বহিরাগত পরীক্ষকের কাছে পাঠানো হয়েছিল। তিনি দেশের বাইরে চলে যাওয়ায় খাতা পেতে দেরি হয়। পরে গত আগস্টে ফল পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে পাঠানো হলেও বিভিন্ন কারিগরি জটিলতা ও সংশোধনীর কারণে প্রকাশের প্রক্রিয়া দীর্ঘায়িত হয়।
দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষে ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক অগ্রগতি ও আবাসিক হলে আসন বরাদ্দের ক্ষেত্রে তৈরি হওয়া জটিলতা কাটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।























