
বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজের আগে দুঃসংবাদ পেল প্রোটিয়ারা
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের আগে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার জেরাল্ড জোয়েটজি। এদিকে টি-টোয়েন্টি সিরিজ খেলা হচ্ছে না কোয়েনা মাফাকারও।
পচেফস্ট্রুমে নর্থ ওয়েস্টের বিপক্ষে সিএসএ ৪-দিনের সিরিজ ডিভিশন ১-এর ম্যাচে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় স্কোয়াডেই থাকা কোয়েটজি। ওই ম্যাচে ৪৭ বলে ৫৭ রান করার পাশাপাশি ১৫ ওভার বল করে ২ উইকেট নিয়েছিলেন তিনি। তবে ফলো-অনের পর নর্থ ওয়েস্টের দ্বিতীয় ইনিংসে আর বল করেননি।
আর ডান হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় অনুশীলনের সময় নতুন করে বিপত্তির মুখে পড়েন কোয়েনা মাফাকা। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাকে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ওয়ানডে সিরিজের দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলেও ছিলেন তিনি। সেই সিরিজ থেকেও ছিটকে গেছেন এই পেসার।
ইনজুরির কারণে স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট-বোলিং অলরাউন্ডার টিয়ান ভ্যান ভুরেন। ২৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার বোলিং গড় ২৫.৫৭। আর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ব্যাটার জে জে ব্যাসন। এছাড়া টি-টোয়েন্টি দলে জায়গা হয়েছে ইথান বোসেরও।























