
জ্বালানি রূপান্তরে জনস্বার্থ ও ন্যায্যতা নিশ্চিতের আহ্বান ক্যাবের
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ

জ্বালানি খাতে শুধু প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধিই নয়, জনগণের অধিকার, স্বার্থ সুরক্ষা ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। বৃহস্পতিবার বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত এক নাগরিক সংলাপ ও প্যানেল আলোচনায় বিশেষজ্ঞরা এই মত প্রকাশ করেন।
‘জ্বালানি রূপান্তরে জনস্বার্থ: ন্যায্যতা, জবাবদিহি ও আইনি লড়াই’ শীর্ষক এই আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, জ্বালানি খাতে প্রকৃত সাফল্য নির্ধারিত হয় জনগণ কতটা সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত জ্বালানি সেবা পাচ্ছে, ব্যবস্থার ব্যয় কতটা যৌক্তিক হচ্ছে এবং সিদ্ধান্ত গ্রহণে কতটা স্বচ্ছতা ও জবাবদিহি থাকছে তার ওপর। আলোচনায় ক্যাবের পক্ষ থেকে উল্লেখ করা হয়, জ্বালানি খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিন্ডিকেট এবং অতিরিক্ত মুনাফার কাঠামোগত সমস্যা বিদ্যমান। এছাড়া, প্রতিযোগিতাবিহীন ক্রয় প্রক্রিয়া এবং ২০১০ সালের বিশেষ আইনের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সোহরাব হাসান (জ্যেষ্ঠ সাংবাদিক, সম্পাদক, চরচা), অধ্যাপক আনু মুহাম্মদ (অর্থনীতিবিদ) এবং অধ্যাপক এম শামসুল আলম (জ্বালানি উপদেষ্টা, ক্যাব)। সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন শুভ কিবরিয়া, গবেষণা সমন্বয়ক, ক্যাব। সভায় আলোচকরা জ্বালানি খাতের নানা সংকট ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দীন খান বলেন, জ্বালানি রূপান্তরকে কেবল জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে উত্তরণের মধ্যে সীমাবদ্ধ না রেখে মালিকানা, বিনিয়োগ, ব্যয়, মুনাফা, ঝুঁকি ও ক্ষমতার কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করতে হবে। ক্যাপাসিটি চার্জের সমালোচনা করে তিনি বলেন, এ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ছাড়াই অর্থ পরিশোধের সুযোগ তৈরি হয়েছে। আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির সমালোচনা করে তিনি বলেন, ‘আদানির চুক্তিটি একটি ভয়ানক চুক্তি। দুঃখের বিষয়, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।
সোহরাব হাসান জনস্বার্থসংশ্লিষ্ট দাবি গণআলোচনা থেকে নীতিগত সংস্কারে রূপ দেওয়ার প্রক্রিয়া এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, জ্বালানি অবিচার শুরু হয় ১৯৬৩ সালে কাপ্তাই প্রকল্পের মাধ্যমে। ফুলবাড়ীতে সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে বলেও সতর্ক করেন তিনি।
অধ্যাপক আনু মুহাম্মদ বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, অস্বচ্ছ চুক্তি ও অতিরিক্ত মুনাফার পেছনে বিদ্যমান কাঠামোগত সমস্যাগুলো তুলে ধরেন। তিনি বলেন, অতিরিক্ত আমদানিনির্ভরতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ পরিস্থিতি মোকাবিলায় নিজস্ব গ্যাস ও নবায়নযোগ্য জ্বালানির সমন্বিত ব্যবহারের পাশাপাশি দেশীয় সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক এম শামসুল আলম বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কেবল উৎপাদন ও সরবরাহের ঘাটতিতে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে পরিকল্পনা, বিনিয়োগের অগ্রাধিকার, চুক্তির শর্ত, ব্যয় ব্যবস্থাপনা, মূল্য নির্ধারণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, শুধু উৎপাদন সক্ষমতা বাড়িয়ে এ সংকটের সমাধান সম্ভব নয়। বরং বিদ্যমান ব্যবস্থার ব্যয়, অদক্ষতা ও কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর ভূমিকা প্রসঙ্গে বলেন, বিদ্যুৎ ও জ্বালানির মূল্য নির্ধারণ, বিনিয়োগের যৌক্তিকতা যাচাই, কোম্পানি ও ভোক্তার স্বার্থের ভারসাম্য রক্ষা এবং গণশুনানির মাধ্যমে জনমত গ্রহণের ক্ষেত্রে বিইআরসির কার্যকর ভূমিকা থাকা প্রয়োজন। কিন্তু একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান শুধু আইন দিয়ে প্রতিষ্ঠিত হলেই কার্যকর হয় না। তার স্বাধীনতা, দক্ষতা, তথ্যপ্রাপ্তি, সিদ্ধান্ত গ্রহণের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হয়। এ কারণে ক্যাব বিইআরসির আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, স্বচ্ছ মূল্য নির্ধারণ, কার্যকর গণশুনানি, তথ্যপ্রকাশ এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়ার দাবি ধারাবাহিকভাবে উত্থাপন করে আসছে বলে তিনি জানান।
তিনি আরও স্পষ্ট করেন, ক্যাবের কর্মকাণ্ড শুধু গবেষণা বা নীতিগত দাবির মধ্যে সীমাবদ্ধ নয়; জনস্বার্থবিরোধী আইন, সিদ্ধান্ত ও চুক্তির বিরুদ্ধে আইনি প্রতিকার গ্রহণও তাদের এজেন্ডার গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, ক্যাবের আন্দোলন শুধু প্রচলিত ব্যবস্থার সমালোচনা নয়; তারা একটি বিকল্প, সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও জনবান্ধব জ্বালানি ব্যবস্থা দেখতে চায়। যেখানে উন্নয়ন ও বিনিয়োগ হবে, কিন্তু জনগণের অধিকার উপেক্ষিত হবে না; মুনাফা থাকবে, কিন্তু অযৌক্তিক মুনাফা ও ঝুঁকি জনগণের ওপর চাপানো হবে না। জ্বালানি রূপান্তর তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবন, অধিকার, অর্থনৈতিক সক্ষমতা এবং ন্যায়সংগত ভবিষ্যতের পরিবর্তন নিশ্চিত করবে।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক আমিনুল রসুল, উন্নয়ন কর্মী আবুল কালাম আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বক্তাদের জ্বালানি খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে নানা প্রশ্ন তোলেন এবং তা সমাধানে করণীয় নিয়ে আলোচনায় অংশ নেন।
সভায় তরুণ প্রজন্মকে ভবিষ্যতের নাগরিক হিসেবে নয়, বর্তমান নীতি ও সামাজিক পরিবর্তনের সক্রিয় অংশীদার হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। ক্যাবের এই আন্দোলন ও আইনি লড়াইয়ের মূল লক্ষ্য হলো জ্বালানি খাতে জনস্বার্থ প্রতিষ্ঠা করা। ক্যাব বিশ্বাস করে, নাগরিক সংগঠন, গণমাধ্যম, আইনজীবী, গবেষক এবং সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জ্বালানি খাতে ন্যায্যতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব।





















