বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে?

reporter

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৫:২৬ অপরাহ্ণ


বিশ্বকাপ ফাইনাল আয়োজন নিয়ে মাদ্রিদ-বার্সেলোনার টানাটানি, জিতবে কে?

রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু ও বার্সেলোনার ক্যাম্প ন্যু, দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বীর উভয় ডেরাই ফুটবলের অন্যতম আকর্ষণীয় ভেন্যু। উভয় ক্লাবই নিজেদের মাঠে ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজন করতে চায়। স্পেনের দুটি জায়ান্ট ক্লাবের যখন টানাটানি চলছে, একই সময়ে ফাইনাল আয়োজনে উন্মুখ মরক্কো। স্পেনের সঙ্গে মরক্কো-পর্তুগালেও ওই আসর বসবে। তবে ফাইনাল আয়োজনের তাড়না নেই পর্তুগিজদের।

উত্তর আফ্রিকার দেশ মরক্কো ক্রমেই ফুটবলে শক্তিশালী হয়ে উঠছে। গত দুই বিশ্বকাপেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে তারা। আফ্রিকান ফুটবলের লড়াইয়েও আশরাফ হাকিমি-ব্রাহিম দিয়াজরা রানার্সআপ হয়েছে। ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি স্পেনের কাছ থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো। ১০০ কোটি ডলারে তারা কাসাব্লাঙ্কায় স্টেডিয়াম নির্মাণ করছে।

মরক্কোর একাট্টা অবস্থান স্প্যানিশরাও খুব সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। এমনকি ফাইনালের দায়িত্ব না পেলে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব ছেড়ে দেওয়ারও হুমকি দিয়ে রেখেছে ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। স্পেন-মরক্কোর টানাপোড়েনও চলছে দুই দেশের রাজনৈতিক দ্বৈরথ ও সীমান্ত ইস্যুতে। এদিকে, মরক্কোর প্রতি অধিক টান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। সেই কথা উল্লেখ করে স্পেনের ফাইনাল পাওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস।

মরক্কোর ফুটবল ফেডারেশন ইনফান্তিনোর অন্যতম জোরালো সমর্থক। তার বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশের পর থেকে রাবাতে ফিফার নতুন আঞ্চলিক সদর দপ্তরে দীর্ঘ সময় কাটিয়েছেন ইনফান্তিনো। আগামী মার্চে মরক্কোতেই অনুষ্ঠিত হবে ফিফার কংগ্রেস, সেখানে পুনর্নির্বাচনে তার জয়ের সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। বিপরীতে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা অনেক আগে থেকেই তার বিরুদ্ধে সরব অবস্থান জানিয়ে আসছে।

এদিকে, স্পেনের দুটি ক্লাব যে ফাইনাল আয়োজন নিয়ে দ্বিধাবিভক্ত সেটি অবশ্য অস্বীকার করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের মহাসচিব আলভারো দে মিগেল। তার মতে, মরক্কোর একটি স্টেডিয়ামের বিপরীতে স্পেনের দুটি বিকল্প থাকা বরং তাদের সম্ভাবনা বাড়িয়েছে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে ইনফান্তিনোর ঘনিষ্ঠ সম্ভাবনাও তাদের ফাইনাল আয়োজনের দায়িত্ব পাওয়ায় ভূমিকা রাখতে পারে বলে মিগেল আশাবাদী। তার বিশ্বাস, ইনফান্তিনোকে রাজি করাতে পারবেন পেরেজ। আর ফিফার শাসনব্যবস্থা নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তখন সংস্থাটি স্বাভাবিক বা যৌক্তিক প্রার্থী হিসেবেই স্পেনকে বেছে নেবে।

এ ছাড়া বার্সেলোনার সঙ্গে লড়াইয়ে রিয়াল তাদের মাঠে ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে থাকবে বলে জানালেন স্প্যানিশ কর্মকর্তারা। তারা বলছেন, বড় ম্যাচ আয়োজনের অভিজ্ঞতায় মাদ্রিদ এগিয়ে। ২০১৮ সালে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেট ও বোকা জুনিয়র্সের কোপা লিবার্তাদোরেস ফাইনাল মাদ্রিদে আয়োজনের কথা মনে করিয়ে দিচ্ছেন তারা। সমর্থকদের সহিংসতার কারণে আর্জেন্টিনায় হওয়ার কথা থাকলেও ফাইনাল সরিয়ে নেওয়া হয়েছিল স্পেনের রাজধানীতে। তবে দু‘পক্ষের টানাটানি ও মরক্কোর প্রতি ইনফান্তিনোর টান শেষ পর্যন্ত স্পেনেরই কপাল পুড়িয়ে দেয় কি না সময়ই বলে দেবে!

aliul / aliul

Link Copied