
খালিয়াজুরী ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ

আগুনে ভস্মিভুত খালিয়াজুরীর ইউএনও অফিস
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বুধবার (২৫ নভেম্বর) নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি গঠন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ শাখা থেকে জারি করা পত্রে উল্লেখ করা হয়, ২৫ নভেম্বর ভোরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদ পাওয়া যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সার্বিক বিষয় সরেজমিনে তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের একজন প্রতিনিধি, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা, নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক, খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খালিয়াজুরী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম। নেত্রকোনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই পত্রে তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বুধবার ভোরে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প্রকৃত কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



















