
৬০০ উপকারভোগীর বরাদ্দ, বিতরণ ৩০-৪০ জনকে! মনপুরায় টিসিবি নিয়ে তোলপাড়
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি ও উপকারভোগীদের বঞ্চিত করার অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টার দিকে ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের কোড়ালিয়া বাজারে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ভুক্তভোগী ও স্থানীয়রা। একই সঙ্গে এক ইউনিয়নের বরাদ্দকৃত পণ্য বিতরণের দায়িত্ব অন্য ইউনিয়নের বাসিন্দাকে দেওয়ার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে রয়েছে ‘নিজাম ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন পার্শ্ববর্তী ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, দক্ষিণ সাকুচিয়ার নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দ করা সরকারি পণ্য বিতরণের দায়িত্ব কেন অন্য ইউনিয়নের একজন বাসিন্দাকে দেওয়া হলো?
বিক্ষোভকারীদের অভিযোগ, ''নিজাম ট্রেডার্স'' ডিলারশিপ পাওয়ার পর থেকেই পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি দেখা দিয়েছে। নিজ এলাকার লোকজনকে অগ্রাধিকার দিতে গিয়ে দক্ষিণ সাকুচিয়ার প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করা হচ্ছে। আগে ইউনিয়ন পরিষদে প্রকাশ্যে ও নিয়মিত প্রচারণার মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হলেও বর্তমান ডিলারের দায়িত্ব গ্রহণের পর থেকে সেই ব্যবস্থায় ব্যত্যয় ঘটেছে বলে দাবি কার্ডধারীদের।
ভুক্তভোগীদের ভাষ্য, গত সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের প্রায় ৬০০ উপকারভোগীর মধ্যে টিসিবির পণ্য বিতরণের কথা ছিল। কিন্তু অভিযোগ উঠেছে, কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই অনেকটা গোপনে মাত্র ৩০ থেকে ৪০ জনের মধ্যে পণ্য বিতরণ করে অবশিষ্ট মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক নারীসহ প্রকৃত কার্ডধারীকে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে।
স্থানীয়দের মতে, এটি নিছক ব্যবস্থাপনাগত ত্রুটি নয়; বরং সরকারি সহায়তা বণ্টনে সম্ভাব্য পরিকল্পিত অনিয়মের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। কার সুপারিশে কিংবা কোন প্রভাবশালী মহলের সহযোগিতায় উত্তর সাকুচিয়ার একজনকে দক্ষিণ সাকুচিয়ার ডিলারশিপ দেওয়া হয়েছে, তা-ও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
স্থানীয় বাসিন্দা রহিমের প্রশ্ন, নিজাম ট্রেডার্স টিসিবির পণ্য বিক্রির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছে। তাহলে একই প্রতিষ্ঠান বা ব্যক্তি কীভাবে বিএডিসির সার ডিলারশিপ পেলেন? সরকারি নীতিমালা অনুযায়ী টিসিবির পণ্য বিক্রির ডিলার এবং বিএডিসির সার ডিলার নিয়োগের ক্ষেত্রে কী কী শর্ত ও যোগ্যতা রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।
বিশেষ করে, সরকারি নীতিমালায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক সরকারি পণ্য বা সেবার ডিলারশিপ গ্রহণ করতে পারবেন কি না, সে বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না, তা যাচাই করা জরুরি। পাশাপাশি নিজাম ট্রেডার্সকে বিএডিসির সার ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, স্বচ্ছতা ও প্রশাসনিক অনুমোদনের সব শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পরিষ্কার করা প্রয়োজন।
জনস্বার্থে প্রশ্ন উঠেছে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে, নাকি বিশেষ কোনো বিবেচনায় নিজাম ট্রেডার্সকে বিএডিসির সার ডিলারশিপ দেওয়া হয়েছে?
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রয়োজনীয় তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
অভিযোগের বিষয়ে নিজাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিন বলেন, “সফটওয়্যার জটিলতার কারণে পণ্য বিতরণে কিছুটা ব্যাঘাত ঘটেছে। তবে জটিলতা শেষ হলে পুনরায় পণ্য বিতরণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমি সরকারি নিয়ম মেনেই ডিলারশিপ পেয়েছি। কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতির সঙ্গে জড়িত নই। যাচাই-বাছাই শেষে প্রকৃত কার্ডধারীদের মধ্যেই বরাদ্দকৃত সব পণ্য বিতরণ করা হবে। কারও পণ্য আত্মসাৎ কিংবা সরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না।”
এ বিষয়ে বক্তব্য জানতে দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সার্বিক বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো ধরনের অনিয়ম কিংবা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করা এবং প্রকৃত উপকারভোগীদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার স্বার্থে দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দারা। একই সঙ্গে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



















