
রাজপথে ত্যাগী যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন: ঝিনাইদহ জেলা যুবদলের শীর্ষ নেতৃত্বে চায় তৃণমূল
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ণ

মামলা, হামলা ও শত বঞ্চনা সত্ত্বেও গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, গণতন্ত্রকামী মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন ও ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে অসীম ত্যাগ-তিতিক্ষায় সম্মুখসারিতে নেতৃত্ব প্রদানকারী যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন ঝিনাইদহের ইতিহাসে যেন এক জ্বলন্ত রক্তরবি।
খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তি আদর্শে অনুপ্রাণিত এবং বাংলাদেশি জাতীয়তাবাদে উজ্জীবিত হয়ে ১৯৯৮ সালের মতো উত্তাল সময়ে বিএনপির অন্যতম অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলে নাম লেখান। তারপর কালের স্রোতে একের পর এক গুরুদায়িত্ব কাঁধে নিয়ে শুরু হয় তাঁর কণ্টকাকীর্ণ দুর্গম সব পথচলা। সরকারি কেসি কলেজ, জেলা ছাত্রদল ও পৌর যুবদলে অসীম সাহসিকতায় দায়িত্ব পালন শেষে কাঁধে তুলে নেন জেলা যুবদলের গুরুভার।
নিখাঁদ বিএনপি পরিবারে জন্মগ্রহণ করা সাজ্জাদুল হক মিলনের পিতা মরহুম মো. মোজাম্মেল হক ছিলেন ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সফল সাধারণ সম্পাদক। মেহনতি শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় জেলা বিএনপির ইতিহাসে যাঁর রয়েছে অনন্য অবদান।
বিএনপি পরিবারে জন্ম নেওয়ায় ও ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১১ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় ভয়াবহ আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার হন এই যুবদল নেতা। সে সময় পরিকল্পিতভাবে তাঁকে হত্যার উদ্দেশ্যে নৃশংসভাবে কুপিয়ে জখম করে সন্ত্রাসী গোষ্ঠী। সাক্ষাৎ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাজ্জাদুল হক মিলন সেসব স্মৃতি মনে করে এখনো শিউরে ওঠেন।
তারপরও থেমে থাকেননি সাজ্জাদুল হক মিলন। ১/১১-এ রাজপথে সাহসী ভূমিকা পালন করা মিলন ২০১১ সালে ভয়ংকর হামলার শিকার হয়েও রাজপথে ছিলেন সক্রিয়। ২০১৪ সালের বিতর্কিত নির্বাচন-পূর্ববর্তী সকল আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রণী ভূমিকায়। সে সময় সারা দেশ জুড়ে গুম-খুনের প্রতিবাদে মুখর সাজ্জাদুল হক মিলন ঝিনাইদহের আরাপপুর, চাঁনপাড়া ও সদরের গুরুত্বপূর্ণ অংশে সুসংগঠিত ছাত্র-যুব সংগঠন গড়ে বিগত সরকারের অন্যায়-অপকর্ম রুখে দিতে সর্বোচ্চ ভূমিকা পালন করেন এবং জেলা জুড়ে তৈরি করেন বিশাল জাতীয়তাবাদী ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, সে সময় পরিকল্পিতভাবে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য প্রয়াত জননেতা আলহাজ্ব মসিউর রহমান (এমপি)-কে জেলা বিএনপির পার্টি অফিসে অবরুদ্ধ করা হলে যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন জীবনের মায়া উপেক্ষা করে অসীম সাহসিকতায় তাঁকে উদ্ধারে ঐতিহাসিক ভূমিকা রাখেন, যা প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে আজও শিহরণ জাগায়। জেলাটির ইতিহাসে এমন সাহসিকতার দৃষ্টান্ত বিরল বলেও জানিয়েছেন জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বিগত সরকারের দীর্ঘ ১৭ বছরের ভয়ংকর শাসনে কোণঠাসা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ফ্যাসিবাদবিরোধী কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২৪ সালের ৫ আগস্ট-পূর্ববর্তী সময়ে যুবদল নেতা সাজ্জাদুল হক মিলনের সাহসী অবদানকে তাই এক জ্বলন্ত উদাহরণ হিসেবেই দেখেন জেলাটির রাজনীতি বিশ্লেষকগণ।
যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন রাজনীতির বাইরে একজন সমাজসেবক ও ক্রীড়াপ্রেমী মানুষ। ফলে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ৫ আগস্ট-পরবর্তী সময়ে আবারও মাদক-সন্ত্রাস নির্মূলে সাহসী ভূমিকা রাখার পাশাপাশি খেলার মাঠে প্রাণ ফেরাতে সর্বোচ্চ অবদান রেখে চলেছেন। আরাপপুর নিউ একাডেমির মতো পরিত্যক্ত খেলার মাঠে মাদকের আসর ভেঙে দীর্ঘ ২২ বছর পর চালু করেন শহীদ জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, যার ফলে বদলে যায় এলাকার চিত্র। রাজনীতিতে দক্ষ সংগঠক সাজ্জাদুল হক মিলন দুস্থ-অসহায় মানুষের জন্যও উদারচিত্তে কাজ করে যাচ্ছেন।
তবে ঝিনাইদহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীরা জানান, শত ত্যাগ-তিতিক্ষা কিংবা মামলা-হামলার শিকার হওয়া সত্ত্বেও বিশেষ বলয়ের সাথে আপস না করায় চিরবঞ্চিত থাকতে হয়েছে এই যুবদল নেতাকে। দলীয় গুরুত্বপূর্ণ পদের জন্য সুযোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে বারবার বঞ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে তিনি চিরবঞ্চিত হয়েও জাতীয়তাবাদী আদর্শ থেকে চুল পরিমাণ সরে আসেননি। বরং কোনো কিছু না পেয়েও দলীয় সকল নির্দেশনা মেনে রাজপথে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এদিকে দীর্ঘ রাজনৈতিক পথপরিক্রমায় বিএনপি সরকার দেশ পরিচালনার গুরুদায়িত্বে রয়েছে। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় দলের সার্বিক ভারসাম্য রক্ষায় বিভিন্ন সংগঠনে একের পর এক আনছে অভিনবত্ব ও নতুন নেতৃত্ব। এ ক্ষেত্রে দলটিতে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন ত্যাগী নেতাকর্মীবৃন্দ। সাজ্জাদুল হক মিলন একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ফলে যুবদল নেতা সাজ্জাদুল হক মিলনের দীর্ঘদিনের রাজনৈতিক অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, তৃণমূলে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে জোরালো করতে সাজ্জাদুল হক মিলনের মতো দক্ষ, যোগ্য ও সাহসী মানুষকে সম্মুখসারির নেতৃত্বে আনার কোনো বিকল্প নেই। সে ক্ষেত্রে আসন্ন জেলা যুবদলের নতুন কমিটিতে তাঁকে সুপারফাইভের লিডিং পজিশনে রাখার জোর দাবিও জানান তাঁরা।
আগামী দিনের রাজনীতি ও তারুণ্য ভাবনা নিয়ে যুবদল নেতা সাজ্জাদুল হক মিলন বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে গণমানুষের জন্য রাজনীতি করে আসছি। আগামী দিনেও এর কোনো ব্যত্যয় ঘটবে না, ইনশাআল্লাহ। দলের যেকোনো নির্দেশনা মানতে আমি সব সময় বদ্ধপরিকর। তারুণ্যভিত্তিক রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমার একমাত্র লক্ষ্য।”




















