
মেহেরপুরে সীমান্তের শূন্যরেখা থেকে বিদেশি পিস্তল ও গুলি জব্দ করল বিজিবি
প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ৪৭ বিজিবির অধীন তেঁতুলবাড়ী বিওপির টহল কমান্ডার জেসিও সাইদুর রহমানের নেতৃত্বে ছয় সদস্যের একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিল।
এ সময় হাটপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে একটি চীনা পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৭.৬৫ মিলিমিটার বোরের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনি প্রক্রিয়ার মাধ্যমে গাংনী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















