
ভূরুঙ্গামারীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা, জনদুর্ভোগ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এ খোকন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সহসভাপতি এমদাদুল হক, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম মহিবুল নঈম সিমন এবং বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মুকুলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকরা ভূরুঙ্গামারী উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। বিশেষ করে উপজেলার মাদক সমস্যা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সোনাহাট নতুন ব্রিজসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে। পাশাপাশি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করা, সাধারণ মানুষের ভোগান্তি নিরসন এবং নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরেন সাংবাদিকরা।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম সাংবাদিকদের বক্তব্য অত্যন্ত মনোযোগ ও গুরুত্বসহকারে শোনেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে আলোচনায় উঠে আসা সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
তিনি সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলার উন্নয়ন, জনকল্যাণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় উপস্থিত সাংবাদিকরা নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান এবং ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়ন, জনস্বার্থ রক্ষা ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রশাসনের পাশে থেকে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভাটি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন।




















