রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

logo

স্বপ্ন ও সাহসের গল্প

ঘরোয়া খাবার ও কেক তৈরি করে সফল উদ্যোক্তা আখি আক্তার

reporter

সকালের সময় প্রতিবেদক

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ অপরাহ্ণ


ঘরোয়া খাবার ও কেক তৈরি করে সফল উদ্যোক্তা আখি আক্তার

 নিজের স্বপ্ন, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম দিয়ে ঘুরে দাঁড়ানোর এক অনন্য উদাহরণ গাজীপুরের নারী উদ্যোক্তা আখি আক্তার। একসময় সরকারি চাকরির স্বপ্ন দেখলেও পারিবারিক নানা বাধায় সেই স্বপ্ন পূরণ হয়নি। তবে থেমে থাকেননি তিনি। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি নিজের পরিচয়ে আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে শুরু করেন নতুন পথচলা। আজ তিনি ‘অহনার রান্নাঘর’-এর স্বত্বাধিকারী ও সিইও হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন।
আখি আক্তারের জন্ম ও বেড়ে ওঠা গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তার কাছাকাছি ইটাহাটা গ্রামে। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবেন। কিন্তু পারিবারিক প্রতিবন্ধকতায় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ হয়নি। ফলে সংসার ও সন্তানদের নিয়েই কাটছিল তার সময়। তবু নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন কখনো বিসর্জন দেননি। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতায় পরিচিতি গড়ে তোলার দৃঢ় সংকল্প ছিল তার।

এই সংকল্প বাস্তবে রূপ দেওয়ার সুযোগ আসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের হাত ধরে। ২০২০ সালে ফেসবুকের মাধ্যমে অনলাইন ব্যবসা শুরু করেন আখি। প্রথমে পোশাকের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তী সময়ে কেক তৈরি এবং ঘরোয়া রান্না করা খাবারের ব্যবসায় যুক্ত হন। পাশাপাশি Women & e-Commerce-এর বিভিন্ন গ্রুপ ও প্ল্যাটফরমে যুক্ত হয়ে নারী উদ্যোক্তাদের কার্যক্রম, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সম্পর্কে ধারণা নিতে থাকেন।
ব্যবসায়িক দক্ষতা বাড়াতে কৃষি গবেষণা ও মহিলা বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশিক্ষণেও অংশ নেন তিনি। তবে তার উদ্যোক্তা জীবনে নতুন মাত্রা যোগ করে কৃষি বিপণন অধিদপ্তর (DAM) কর্তৃক বাস্তবায়নাধীন PARTNER প্রকল্পের আওতায় ১২ দিনব্যাপী অন-দ্য-জব প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে খাদ্যপণ্য তৈরি, গুণগত মান উন্নয়ন ও ব্যবসা পরিচালনায় তার দক্ষতা আরও বৃদ্ধি পায়। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নতুন উদ্যমে এগিয়ে যেতে থাকেন তিনি।
ধীরে ধীরে বাড়তে থাকে তার পণ্যের পরিধি, আয় ও পরিচিতি। পরিবারের যে সদস্যরা একসময় তার ব্যবসার বিষয়ে আপত্তি করতেন, তারাই এখন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। শুধু নিজের কর্মসংস্থানই নয়, তার উদ্যোগের মাধ্যমে আরও কয়েকজনের কাজের সুযোগ সৃষ্টি হয়েছে।
বর্তমানে আখি আক্তারের স্বপ্ন আরও বড়। স্থানীয়ভাবে উৎপাদিত কাঁঠাল, বড়ই, তেঁতুল, জলপাই, কদবেল ও চালতাসহ বিভিন্ন ফলমূল ব্যবহার করে ব্যাপক পরিসরে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করতে চান তিনি। ‘অহনার রান্নাঘর’কে দেশব্যাপী পরিচিত একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করাই তার লক্ষ্য।
আখি আক্তার বিশ্বাস করেন, নারীরা সুযোগ ও সহযোগিতা পেলে নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারেন। ভবিষ্যতে বড় উদ্যোক্তা হওয়ার পাশাপাশি বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান তিনি। তার এই পথচলা প্রমাণ করে, স্বপ্ন পূরণে বাধা আসতে পারে, কিন্তু দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে নতুন সম্ভাবনার দুয়ার ঠিকই খুলে যায়।

এমএসএম / এমএসএম

Link Copied