
মানিকগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রী উর্মি আক্তার (২২)'কে কুপিয়ে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন সজীব মিয়া (৩০) নামে এক যুবক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশের হেফাজতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ঘিওর উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সজিব জুয়া খেলতেন। এনিয়ে সজিব ও তার স্ত্রী উর্মির মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এছাড়াও সজিব তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ আনে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার রাতে সজিব তার স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। উর্মির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীদের সামনে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পর উর্মি আক্তারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সজিবকে একই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।




















