সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

শিবচরের বাহাদুরপুরে আজও অম্লান হাজী শরীয়তুল্লাহর স্মৃতি

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৫৮ অপরাহ্ণ


শিবচরের বাহাদুরপুরে আজও অম্লান হাজী শরীয়তুল্লাহর স্মৃতি
পদ্মা পাড়ের শান্ত শ্যামল ভূমি, মাদারীপুরের শিবচরের বাহাদুরপুরে রয়েছে ফরায়েজি আন্দোলনের অগ্রদূত হাজী শরীয়তুল্লাহ (র.)-এর আস্তানা ও স্মৃতি কেন্দ্র। বাহাদুরপুর আস্তানায় আজও জেগে আছে ফরা‌য়ে‌জি আন্দোল‌নের প্রবক্তা হাজী শরীয়তুল্লাহর স্মৃতি। কবর বিলীন হয়েছে আড়িয়াল খাঁর গর্ভে, তবু মসজিদ-মাদ্রাসা, কবরস্থান আর বংশধরদের হাতে গড়া আস্তানায় টিকে আছে ফরায়েজি আন্দোলনের অগ্রদূতের পদচিহ্ন। 
 
হাজী শরীয়তুল্লাহ ১৭৮১ সালে তৎকালীন বৃহত্তর ফরিদপুর জেলার মাদারীপুর মহকুমার শ‌্যামাইল (চর শ‌্যামাইল) গ্রামের এক ক্ষুদ্র তালুকদার পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল জলিল তালুকদার। তৎকালীন পরাধীন ভারতবর্ষের সামাজিক ও ধর্মীয় অবক্ষয় তাঁকে গভীরভাবে ব্যথিত করে। জ্ঞানার্জন ও আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে তিনি ১৭৯৯ সালে পবিত্র মক্কা শরীফে গমন করেন।
 
১৮১৮ সালে বাংলায় ফিরে এসে তিনি প্রচার শুরু করেন, কিন্তু প্রথম দফায় তা সফল হয়নি। পরে শিক্ষকের পরামর্শে কাদেরিয়া তরিকায় দীক্ষা নিয়ে ১৮২০ সালে ফিরে এসে নতুন করে কাজ শুরু করেন। আরবের ইসলামী সংস্কার আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই আন্দোলনই ফরায়েজি আন্দোলন নামে পরিচিত হয়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, বরিশাল, কুমিল্লাসহ পার্শ্ববর্তী অঞ্চলে এই আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি শক্তিশালী গণআন্দোলনে পরিণত হয়।
 
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে বাংলার মুসলমান সমাজ শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং সামাজিক মর্যাদায় পিছিয়ে পড়েছিল। হাজী শরীয়তুল্লাহ বুঝতে পেরেছিলেন, ধর্মীয় পুনর্জাগরণ ব্যতীত এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব নয়। তিনি ফরজ ইবাদত — নামাজ, রোজা, জাকাত, হজ — পালনের ওপর গুরুত্ব দিয়ে সাধারণ মানুষকে আত্মসচেতন করে তোলেন। কিন্তু তাঁর আন্দোলন শুধু ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ ছিল না। অচিরেই এটি কৃষক ও গণমানুষের রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়।
 
১৮৪০ সালে এই মহান নেতার মৃত্যুর পর তাঁর সুযোগ্য পুত্র মহসিনউদ্দীন দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করে একে আরও শক্তিশালী করেন। 
 
হাজী শরীয়তুল্লাহ ১৮৪০ সালে বাহাদুরপুরে মৃত্যুবরণ করেন। তাঁকে জন্মস্থান চর শামাইলে সমাহিত করা হয়। পরে আড়িয়াল খাঁ নদীর ভাঙনে তাঁর কবর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তবে হাজী শরীয়তুল্লাহর পুত্র ও উত্তরসূরি মহসিনউদ্দীন দুদু মিয়া ১৮৬২ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। ঐতিহ্যগতভাবে তাঁর কবর পুরান ঢাকার বংশাল এলাকায় বলে চিহ্নিত করা হয়। 
 
অন্যদিকে বাহাদুরপুর মাদ্রাসা-মসজিদ প্রাঙ্গণে পারিবারিক কবরস্থানে পরবর্তী  ৫ম বংশধর দ্বিতীয়-দুদু মিয়া (আবুল হাফেজ মহসিন উদ্দিন আহমদ (মৃত্যু ১৯৯৭)-সহ অন্যান্য বংশধর‌দের কবর রয়েছে।
 
বর্তমা‌নে বাহাদুরপুর আস্থানায় হাজী শরীয়তউল্লাহ(র) ৭ম বংশধররা বসবাস কর‌ছেন। হাজী শরীয়তউল্লাহ(র) স্মৃ‌তি‌বি‌জো‌ড়িত এই বাহাদুরপু‌রে গড়ে উঠে‌ছে মস‌জিদ, মাদ্রাসা, এতিমখানাসহ ধর্মীয় প্রতিষ্ঠান। ৭ম বংশধররাই এই প্রতিষ্ঠানগু‌লো দেখা‌শোনা কর‌ছেন। হ‌াজী শরীয়তউল্লাহর এই আস্তানায় ৩ব‌্যাপী বা‌র্ষিক ওয়াজ মাহ‌ফিল ও দোয়া অনু‌ষ্ঠিত হয়। সেই মাহ‌ফি‌লে দেশ-‌বি‌দেশ থে‌কে হাজার হাজার ভক্তঅনুরাগীরা এখা‌নে এসে দোয়াদূরু‌দে সা‌মিল হন।
 
বাহাদুরপুর আস্তানার পীর ৭ম বংশধর মাওলানা আব্দুল্লাহ মোঃ হাসান বলেন, হাজী শরীয়তুল্লাহ শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নন, তিনি বাংলার শোষিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রদূত। ইতিহাসে ফরায়েজি আন্দোলন ব্রিটিশ বাংলার অন্যতম সফল এবং গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে স্বীকৃত।
 
হাজী শরীয়তউল্লাহ(র) এর ৭ম বংশধর জাতীয় সংস‌দের সংস‌দ সদস‌্য সাঈদ উদ্দিন আহ‌মেদ হানজালা  বলেন, তাঁর মূল লক্ষ্য ছিল মুসলিম সমাজকে শিরক ও বিদআত মুক্ত করে ইসলামের মূল আদর্শে ফিরিয়ে আনা। কৃষক ও শ্রমজীবী শ্রেণিকে জমিদার, মহাজন ও নীলকরদের শোষণ ও অত্যাচার থেকে মুক্ত করা।
এমএসএম / এমএসএম

Link Copied