সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

শরণখোলায় ছদ্মনামে গোপনে বিয়ে: তথ্যপ্রযুক্তিতে মিলল যুবকের আসল পরিচয়

reporter

রাজিব হোসেন, শরণখোলা

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ


শরণখোলায় ছদ্মনামে গোপনে বিয়ে: তথ্যপ্রযুক্তিতে মিলল যুবকের আসল পরিচয়

বাগেরহাটের শরণখোলায় প্রকৃত নাম-ঠিকানা গোপন করে ‘রাজ’ ছদ্মনামে এক যুবকের গোপনে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই যুবকের আসল পরিচয় উদ্ঘাটন করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ কদমতলা এলাকার এক সন্তানের জননী মিম আক্তার ওরফে নাসরিনের সাথে পরিচয় গোপন রেখে গোপনে বিয়ে করেন ওই যুবক। প্রথম স্বামী ইমরানকে আইনগতভাবে তালাক না দিয়েই মিম এই দ্বিতীয় বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে এবং বিষয়টি এলাকায় গোপন রাখা হয়েছিল। তবে মিম আক্তারের দাবি, তার প্রথম স্বামীর সাথে এক বছর আগেই আইনগতভাবে বিবাহবিচ্ছেদ (ডিভোর্স) সম্পন্ন হয়েছে। দুই পক্ষের এমন পরস্পরবিরোধী বক্তব্যে এলাকায় ধোঁয়াশা তৈরি হয়।

​গত ২১ নভেম্বর শনিবার ওই যুবকের গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তার পরিচয় জানতে চান। এ সময় বাধা দেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানমের নেতৃত্বে একদল পুলিশ এবং উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সংশ্লিষ্ট দুজনকে শরণখোলা থানায় নিয়ে আসেন।

​থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ‘রাজ’ নামটি ভুয়া বলে নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে শরণখোলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ মনিরুল ইসলাম তথ্যপ্রযুক্তি ও নিবিড় তদন্তের মাধ্যমে ওই যুবকের প্রকৃত পরিচয় উদ্ঘাটন করেন। পুলিশের তথ্য অনুযায়ী, ভুয়া নাম ব্যবহারকারী যুবকের আসল নাম রাশেদ মিয়া; তার পিতার নাম মো. শহিদুল ইসলাম এবং বাড়ি রাজশাহী বিভাগের বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায়। জিজ্ঞাসাবাদে রাশেদ মিয়া নিজের পরিচয় ও বিয়ের রেজিস্ট্রি কপিতে ছদ্মনাম ব্যবহারের কথা স্বীকার করেন এবং মিমের সাথে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন।

​ঘটনা প্রসঙ্গে মিম আক্তার দাবি করেন, তার ভাইয়ের সাথে বন্ধুত্বের সূত্রে ওই যুবকের সাথে তার পরিচয় হয়েছিল। তার অভিযোগ, এলাকাবাসী তাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে জোরপূর্বক ঘর থেকে বের করে আনে এবং এ সময় ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনা ঘটে। দক্ষিণ কদমতলার কিছু মানুষ তার ঘরে অপরিচিত ব্যক্তি আসার অজুহাতে তাকে হেনস্তা করেছেন উল্লেখ করে তিনি কুড়াল দিয়ে হত্যার চেষ্টারও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন—যা স্থানীয়রা সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে, এলাকাবাসীর একাংশের দাবি, প্রথমে পরিচয় জানতে চাইলে সন্তোষজনক জবাব না দেওয়ায় তাদের সন্দেহ বহুগুণ বেড়ে যায় এবং পরবর্তীতে ঘটনা জানাজানি হলে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

​এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ জানায়, যুবকের প্রকৃত পরিচয় ইতোমধ্যে উদ্ঘাটন করা হয়েছে। পাশাপাশি বিয়ের কাগজপত্র এবং আগের বিবাহবিচ্ছেদের বৈধতা সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সাথে যাচাই-বাছাই করা হচ্ছে। এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

Link Copied