
সুন্দরবনের দুবলার চরে তিন দিনব্যাপী রাসপূজা ও পুণ্যস্নান শুরু, থাকছে না মেলা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বঙ্গোপসাগর উপকূলবর্তী দুবলার চরে আজ রবিবার (২২ নভেম্বর) থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরের সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে শতবর্ষী এই ধর্মীয় আয়োজন। তবে সুন্দরবনের প্রাণপ্রকৃতি ও জীববৈচিত্র্য সুরক্ষায় ২০২১ সালের ধারাবাহিকতায় এবারও দুবলার চরে বসছে না ঐতিহ্যবাহী রাসমেলা।
বন বিভাগ ও আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের রাস উৎসবে কেবল সনাতন ধর্মাবলম্বী নিবন্ধিত পুণ্যার্থীদেরই অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছে। সাধারণ পর্যটকদের প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা, নামসংকীর্তন, গীতাপাঠ, আরতি, ভজন ও ধর্মীয় আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত এবং বনের পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় পূর্ব ও পশ্চিম সুন্দরবন বিভাগ ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। যাতায়াতের জন্য পাঁচটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করে দেওয়া হয়েছে। পথগুলো হলো— (১) ধানমারি বা চাঁদপাই স্টেশন হয়ে পশুর নদী দিয়ে তিনকোনা দ্বীপের বাইরে দিয়ে; (২) বগী-বলেশ্বর, সুপতি স্টেশন, বলেশ্বর নদী, কচিখালী ও শেলার চর হয়ে; (৩) বুড়িগোয়ালিনী, কপোতাক্ষ, বটুলা, বল নদী, পাটকোস্টা খাল ও হাঁসরাজ নদী হয়ে; (৪) কয়রা, কাশিয়াবাদ, খাসিটানা, বাজবাজা, অরুয়া, শিবসা নদী ও মরজাত হয়ে এবং (৫) নলিয়ান স্টেশন ও মরজাত নদী হয়ে দুবলার চর। তীর্থযাত্রীদের যাওয়া ও আসার ক্ষেত্রে একই রুট ব্যবহার করতে হবে।
উৎসব নির্বিঘ্ন রাখতে ২২ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। ইতিমধ্যে বনের ভেতরে অবস্থানরত সব জেলেকে নৌকা ও ট্রলার নিয়ে লোকালয়ে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী জানান, আবেদনকৃত পুণ্যার্থীদের নির্ধারিত রাজস্ব পরিশোধ সাপেক্ষে পাস-পারমিট ও টোকেন দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের নৌযানগুলো শুধু দিনের বেলায় নিরাপত্তা বাহিনীর পাহারায় একত্রে দুবলার চরে যাতায়াত করবে এবং চেকপোস্ট ছাড়া বনের অন্য কোথাও থামতে পারবে না। প্রত্যেক তীর্থযাত্রীকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট বা বয়া রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া বনে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ।
বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ জামিরুল ইসলাম জানান, তীর্থযাত্রীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি পুলিশ, বিশেষায়িত রেসপন্স ব্যাটালিয়ন, কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে দুই স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
দুবলা ফিশারম্যান গ্রুপ ও রাস উৎসব উদ্যাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্টু জানান, উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ১৯২৩ সালে হরিচাঁদ ঠাকুরের অনুসারী বনবাসী সাধু হরিভজন কার্তিক মাসের রাসপূর্ণিমায় দুবলার চরে পূজা ও সাগরের লোনাজলে পুণ্যস্নানের প্রচলন করেন। এরপর থেকেই প্রতিবছর এই ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে।




















