
গভীর রাতে ডাকসু ভিপির বাড়িতে আগুন দেয়ার চেষ্টা
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৫৪ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম)-এর খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২ নভেম্বর ২০২৬) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে প্রতিবেশীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে বাড়ির ছাদে বিকট শব্দ শুনে বাইরে বের হওয়ার চেষ্টা করেন তিনি।
এ সময় ঘরের দরজার সামনে কেরোসিন ও পেট্রোলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়।
ঘটনার শব্দ শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। পরে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আগুন নিয়ন্ত্রণে আসার খবর পাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে যেতে হয়নি।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, খবর পেয়ে তিনি নিজেই রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর নয়নপুর এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।




















