
অসময়ের বৃষ্টিতে নওগাঁর রাণীনগরে জমিতে নুয়ে পড়েছে পাকা আমন ধান, দুশ্চিন্তায় কৃষক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৪৭ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের বিস্তীর্ণ মাঠে পাকা রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের ভরা মৌসুম চলছে। তবে গত দুই দিনের অসময়ের বৃষ্টিপাতে মাঠের বেশ কিছু জমির পাকা ধান হেলে পড়েছে এবং কেটে রাখা ধানে পানি জমে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ায় পাকা ধান ও শীতকালীন সবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় চাষিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) বিকেল থেকে শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত উপজেলায় থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়েছে। গত দুই দিনে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি ও হিমেল বাতাসে শীতের আমেজ বাড়ার পাশাপাশি ধান কাটা-মাড়াই এবং রবি মৌসুমের আগাম ফসল রোপণেও বিঘ্ন ঘটছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রাণীনগরের আটটি ইউনিয়নে ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত প্রায় ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ফলন আশানুরূপ হওয়ায় কৃষকেরা ভালো লাভের আশা করলেও অসময়ের বৃষ্টিতে তাঁরা বিপাকে পড়েছেন।
উপজেলার একডালা ইউনিয়নের দুধিয়া গ্রামের কৃষক কামাল হোসেন জানান, তিনি প্রতিবছর ৩৫ থেকে ৪০ বিঘা জমিতে আমন ধান চাষ করেন। এ বছর ১০ বিঘা জমিতে সুগন্ধি আতপ ধান এবং বাকি জমিতে মোটা জাতের ধান লাগিয়েছেন। কিন্তু বৃষ্টির কারণে আতপ ধান জমিতে নুয়ে পড়েছে। শিয়ালা গ্রামের কৃষক আবেদ আলী জানান, তিনি ১২ বিঘা জমিতে ধান চাষ করেছেন এবং ইতিমধ্যে কিছু ধান কেটেছেন। তবে বৈরী আবহাওয়া ও রোদ না থাকায় ধান কাটার কাজ বন্ধ রাখতে হয়েছে।
এ বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাকিমা খাতুন জানান, বন্যার কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা কম জমিতে আমন আবাদ হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে প্রায় ২৫ থেকে ৩০ হেক্টর জমির পাকা ধান হেলে পড়েছে। তবে বৃষ্টি থেমে দ্রুত রোদের দেখা মিললে পাকা ও কেটে রাখা ধানের তেমন বড় কোনো ক্ষতি হবে না বলে আশা করেন তিনি।




















