সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

পেশায় ভিন্ন, স্বপ্নে এক মধুপুরের প্রায় ৫০ তরুণের স্বেচ্ছাশ্রমে নির্মিত ‘দ্য ফরেস্ট হিরো।

নায়ক হওয়ার জন্য পর্দায় আসি নাই, আমরা এসেছি নিজেদের শালবনকে বাঁচানোর বার্তা নিয়ে

reporter

মোঃ লিটন সরকার

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ


নায়ক হওয়ার জন্য পর্দায় আসি নাই, আমরা এসেছি নিজেদের শালবনকে বাঁচানোর বার্তা নিয়ে

কাকরাইদ বিএডিসি ফার্মে ঘোরা পরিবেশে 'দ্য ফরেস্ট হিরো' আনুষ্ঠানিক যাত্রা শুরু

নায়ক হওয়ার জন্য পর্দায় আসেননি তাঁরা, এসেছেন নিজের এলাকার ঐতিহ্যবাহী শালবন রক্ষার বার্তা নিয়ে। কেউ ব্যবসায়ী, কেউ শ্রমজীবী, কেউ শিক্ষার্থী, আবার কেউ পরিবহন শ্রমিক। পেশায় ভিন্নতা থাকলেও স্বপ্ন এক, বাঁচাতে হবে মধুপুরের শালবন। এই লক্ষ্য নিয়ে প্রায় ৫০ জন তরুণের স্বেচ্ছাশ্রমে নির্মিত হয়েছে পরিবেশ সচেতনতামূলক চলচ্চিত্র ‘দ্য ফরেস্ট হিরো’ (The Forest Hero)।

বনের গাছ কাটা, বনভূমি দখল ও প্রকৃতির ওপর মানুষের আগ্রাসনের ফলে মধুপুরের শালবন ক্রমেই হুমকির মুখে পড়ছে। এমন বাস্তবতায় চলচ্চিত্রের গল্প ও অভিনয়ের মাধ্যমে বন রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্যোগ নিয়েছেন স্থানীয় তরুণেরা। প্রায় এক বছর ধরে নির্মাণকাজ চালিয়ে কোনো পারিশ্রমিক ছাড়াই এতে অভিনয় ও কারিগরি কাজে যুক্ত হয়েছেন তাঁরা।

চলচ্চিত্রে বনরক্ষীর চরিত্রে অভিনয় করেছেন এসএ শাকিল। তিনি বলেন, বনরক্ষীর চরিত্রে অভিনয় করতে গিয়ে বনের গুরুত্ব ও তা রক্ষার দায়িত্ব নতুনভাবে উপলব্ধি করেছেন। বড় বাজেট না থাকলেও তাঁদের ভালোবাসা ও আন্তরিকতার কমতি ছিল না। আগামী প্রজন্মের জন্য শালবন বাঁচিয়ে রাখা জরুরি।

মূল চরিত্রে বন কর্মকর্তা ফারুক আহমেদের ভূমিকায় অভিনয় করেছেন ফারুক আহমেদ। তিনি বলেন, মধুপুরের শালবন আমাদের গর্ব ও ঐতিহ্য। এটি রক্ষার দায়িত্ব সবার। চলচ্চিত্রের মাধ্যমে সেই দায়িত্ববোধ মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন তাঁরা।

চলচ্চিত্রটির কাহিনি ও পরিচালনায় যুক্ত এসকে খোকন আহামেদ বলেন, বনভূমি ধ্বংস ও দখলের কারণে প্রকৃতি যে হুমকির মুখে পড়ছে, তা মানুষকে বোঝাতেই তাঁদের এই উদ্যোগ। দলের কেউ পেশাদার শিল্পী নন। সবাই নিজ নিজ পেশার পাশাপাশি সময় ও শ্রম দিয়েছেন।

এসআর সোহেল বলেন, এটি শুধু সিনেমা নয়, মধুপুরের প্রকৃতি ও শালবনের প্রতি তাঁদের ভালোবাসার বহিঃপ্রকাশ।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বড় ধরনের আর্থিক আয়োজন ছাড়াই নির্মিত চলচ্চিত্রটির প্রযোজক এফটি ফারুক ও এসএ শাকিল। চিত্রগ্রহণ করেছেন এসকে খোকন ও এমআর মানিক। কারিগরি কাজের মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভয়েস ও কালার এডিটিং এবং বিএফএক্সের দায়িত্ব পালন করেছেন ইন্টু রিছিল। এতে মুন্না, রাহাদ, মামুন রানা, এসএ শাকিল, ফারুক, এসকে খোকন, স্বাধীন, আল আমিন, এসআর সোহেলসহ প্রায় ৫০ জন অভিনয় করেছেন। সহযোগিতায় রয়েছে টিএমএমসি স্টুডিও।

নির্মাতাদের ভাষ্য, ‘দ্য ফরেস্ট হিরো’ তাঁদের প্রথম চলচ্চিত্র। দর্শকদের সাড়া পেলে দ্বিতীয় পর্ব নির্মাণের পরিকল্পনা রয়েছে। চলচ্চিত্রটি ATMT Series Bangla ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে।

নির্মাতাদের প্রত্যাশা, চলচ্চিত্রটি দর্শকদের মধ্যে শালবন রক্ষার সচেতনতা তৈরি করবে। তাঁদের মতে, বন রক্ষার দায়িত্ব শুধু বন বিভাগের নয়, স্থানীয় জনগোষ্ঠীসহ সমাজের প্রতিটি মানুষের।

মোঃ লিটন সরকার / এমএসএম

Link Copied