
মহেশপুর সীমান্তে মানব পাচারকারী ও দালাল আটক
প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০২:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহের মহেশপুরে এক চিহ্নিত মানব পাচারকারী ও অবৈধ সীমান্ত পারাপারের দালালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার (২২ নভেম্বর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম মো. লিংকন (৩৫)। তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ডাকঘরের অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।
বিজিবি জানায়, আজ সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন বাঘাডাংগা বিওপির সদস্যরা সুবেদার মো. ওমর আলীর নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলার ৬০/৩৫-আর থেকে প্রায় দেড় কিলোমিটার ভেতরে কাঞ্চনপুর মাঠের রাস্তায় অভিযান পরিচালনা করে লিংকনকে আটক করা হয়।
বিজিবির সুত্রে জানা গেছে , লিংকনের বিরুদ্ধে আগে থেকেই মাদক, মানব পাচার এবং পাসপোর্ট আইনে মোট ছয়টি মামলা রয়েছে এর মধ্যে দুটি মাদক মামলা,একটি মানব পাচার মামলা এবং তিনটি পাসপোর্ট আইনের মামলা।
আটককৃত ব্যক্তিকে মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




















