সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

ভুরুংগামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ


ভুরুংগামারীতে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশের নিয়মিত তল্লাশি ও ফুটপেট্রোল অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব অলিভ অয়েলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

গত ২১ নভেম্বর ২০২৬, রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত ভূরুংগামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভূরুংগামারী থানা পুলিশের একটি দল ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এবং ভূরুংগামারী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে নিয়মিত ফুটপেট্রোল পরিচালনা করছিল। এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দিলে গাড়িটি দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এসব অলিভ অয়েল ভারত থেকে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে দেশে এনে ঢাকায় নেওয়া হচ্ছিল।

পুলিশ জানায়, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং জব্দকৃত মালামালের প্রকৃত মালিকানা নির্ধারণের জন্য প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উদ্ধার করা মালামাল সাধারণ ডায়েরি (জিডি) মূলে জব্দ করে যথাযথভাবে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন জানান, ভূরুংগামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট স্থাপন এবং ফুটপেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক, জুয়া ও চোরাচালান প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তাঁরা জানান।

এমএসএম / এমএসএম

Link Copied