সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

জাতীয় এসএমই পণ্যমেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

reporter

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ণ


জাতীয় এসএমই পণ্যমেলা আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ রবিবার ( ২১ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মেলায় সারা দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের পরিচালিত প্রতিষ্ঠান।

শনিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় এক কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় তিন কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী।

জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

শিল্পমন্ত্রী বলেন, সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে জিডিপিতে এ খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান বাড়বে।

মন্ত্রী জানান, মেলায় পাদুকা, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, হারবাল, জুয়েলারি, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন।

সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। ২৮ নভেম্বর পর্যন্ত চলা মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

এদিকে জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অগ্রণী ভূমিকা পালন করে। পণ্যের গুণগত মানোন্নয়ন ও বিপণন কৌশল বিশ্ববাজারে টিকে থাকার অন্যতম শর্ত। এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের পরিচিতি বৃদ্ধি, দেশে-বিদেশে বাজার সম্প্রসারণ এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপন্ন পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য সুযোগ। তরুণ ও যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।

aliul / aliul

Link Copied