
কক্সবাজারে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্যাপন
প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০৫:১৯ অপরাহ্ণ

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে কক্সবাজারে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উদ্যাপন করেছে রুম টু রিড বাংলাদেশ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ, শিশুবিয়ে প্রতিরোধ, নিরাপদ শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং মেয়েদের ক্ষমতায়নে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইকুয়্যালিটি পোর্টফোলিওর (জিইপি) উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ও যুগ্মসচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান, এনডিসি। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কন্যাশিশুদের আগেই শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির হটলাইন নম্বর সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে, যাতে যেকোনো হয়রানির ঘটনায় দ্রুত অভিযোগ জানানো এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়।
প্রধান অতিথি ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, কন্যাশিশুদের বড় স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে উৎসাহিত করতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার কোনো বিকল্প নেই।
বিশেষ অতিথি জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম কক্সবাজারসহ দেশের নয়টি জেলায় রুম টু রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে কন্যাশিশুর শিক্ষা, ক্ষমতায়ন ও শিশুবিয়ে প্রতিরোধে প্রতিষ্ঠানটির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বপ্ন বাস্তবায়নে পরিবার, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশনস ডিরেক্টর বদরুজ্জামান বাদল। সংস্থাটির কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য রুম টু রিডের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।
অনুষ্ঠানে এইচএসসি উত্তীর্ণ একজন জিইপি শিক্ষার্থী রুম টু রিডের সহযোগিতায় নিজের জীবনে ঘটে যাওয়া ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন। এ ছাড়া এসএসসি উত্তীর্ণ জিইপি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকটি বিদ্যালয় ও অংশীজনকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কক্সবাজারের ছয়টি কলেজ ও ১৮টি বিদ্যালয়ের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষা বিভাগের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন সহযোগী, সাংবাদিক এবং রুম টু রিড বাংলাদেশের প্রতিনিধিসহ মোট ১৯০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি শিশুবিয়ে প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




















