শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

logo

রাহুলের রেকর্ড সেঞ্চুরিতে বড় লিড ভারতের, গিলের আক্ষেপ

reporter

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২৬, ০১:৫৬ অপরাহ্ণ


রাহুলের রেকর্ড সেঞ্চুরিতে বড় লিড ভারতের, গিলের আক্ষেপ

আন্তর্জাতিক ক্যারিয়ারের ৭১তম টেস্টে প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে লাল বলে খেলতে নেমেছিলেন লোকেশ রাহুল। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার রেকর্ডময় সেঞ্চুরিতে সেই অভিষেক ইনিংস রাঙিয়েছেন। তবে শেষ বিকেলে ২ রানের আক্ষেপ নিয়ে ফিরেছেন ভারতের অধিনায়ক শুভমান গিল। তিনি ৯৮ রানে আউট হওয়ার পরই তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে সফরকারীদের লিড দাঁড়াল ১১৮ রান।

ওয়েলিংটনে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যস্ত ছিল কিউইরা। পরে হেনরি নিকোলসের ১৭৫ ও গ্লেন ফিলিপসের ১১৮ রানের সুবাদে তারা ৩৬৮ রানের সংগ্রহ পায়। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ভারতীয় ব্যাটারদের তোপে পড়েছেন কিউই পেসাররা। সফরকারীদের শীর্ষ পাঁচ ব্যাটারই পঞ্চাশোর্ধ রান করেছেন। যাতে ভর করে চতুর্থ দিন শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ৪৮৬ রান।

এর আগে আজ (শনিবার) ১ উইকেটে ১৫৯ রানের পর তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ভারত। ঝুঁকিহীন ব্যাটিং করেছে সফরকারীরা। দেবদূত পাদিক্কাল ১৭৫ বলে ১০টি চারে ৮০ রান করেন। রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটের জুটিতে তোলেন ১৬৫ রান। যশস্বী জয়সওয়ালের আগ্রাসী শুরুর পর রাহুল-পাদিক্কাল জুটি ভারতের ইনিংসকে শক্ত ভিতে দাঁড় করায়। রাহুল শেষ পর্যন্ত করলেন ১৩৬ রান। নাথান স্মিথের বলে বোল্ড হওয়ার আগে ২৯০ বলে তিনি ৯টি চার এবং ২টি ছক্কা হাঁকিয়েছেন। টেস্টে এটি তার ১২তম সেঞ্চুরি।

ভারতের প্রথম ওপেনার হিসেবে ‘সেনা‘ (সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশের মাটিতে টেস্ট সেঞ্চুরি করলেন রাহুল। শুধু তাই নয়, এশিয়ান ওপেনারদের ভেতর তিনি দ্বিতীয় ব্যাটার হিসেবে ওই কীর্তি গড়লেন। এর আগে পাকিস্তানের সাবেক তারকা সাঈদ আনোয়ার একমাত্র এশিয়ান ওপেনার হিসেবে চারটি দেশেই টেস্টে ম্যাজিক ফিগার পূর্ণ করেন। সবমিলিয়ে এশিয়ার ৮ ক্রিকেটারের রয়েছে সেনা দেশে টেস্ট সেঞ্চুরির নজির।

সেনা দেশে এটি রাহুলের সপ্তম টেস্ট সেঞ্চুরি। তার ওপরে আছেন স্রেফ স্বদেশি কিংবদন্তি সুনীল গাভাস্কার। কিউইদের মাটিতে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেক ইনিংসেই সেঞ্চুরি করেছেন রাহুল। তার আগে ওই কীর্তি ছিল গাভাস্কার ও সুরিন্দর অমরনাথের। ২০২১ সাল থেকে ফরম্যাটটিতে বিশ্ব ক্রিকেটে যৌথভাবে সর্বোচ্চ সপ্তম সেঞ্চুরি করলেন রাহুল। সমান সেঞ্চুরি আছে বেন ডাকেট, যশস্বী জয়সওয়াল ও দিমুথ করুণারত্নের।

দায়িত্ব নিয়ে ব্যাট করলেন অধিনায়ক গিলও। তবে নিশ্চিত সেঞ্চুরি হাতছাড়া করলেন দিনের শেষ ওভারে। অতিরিক্ত সতর্ক হতে গিয়েই আউট হলেন। ১৪৬ বলে ৯৮ রানের ইনিংসে তিনি মেরেছেন ৯টি চার এবং ২টি ছক্কা। এ নিয়ে লাল বলের ফরম্যাটে চতুর্থবার নার্ভাস নাইন্টিতে আউট হলেন গিল। এ ছাড়া টেস্ট সিরিজ দিয়ে দলে ফেরার ঋষভ পান্তও হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন। টেস্টে ২২তম ফিফটির পর ৬২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৫ রানে অপরাজিত আছেন তিনি।

এ নিয়ে টেস্টে পঞ্চমবার এক ইনিংসে ভারতের শীর্ষ ৫ ব্যাটারই পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলেছেন। বিপরীতে নিউজিল্যান্ডের বোলাররা সেভাবে চ্যালেঞ্জ জানাতে পারেননি সফরকারীদের। এখন পর্যন্ত একটি করে উইকেট শিকার করেছেন জ্যাকব ডাফি, কাইল জেমিসন, ম্যাট হেনরি ও নাথান স্মিথ।

aliul / aliul

Link Copied