
খুলনা থেকে ঢাকাগামী বাস যাচ্ছে যশোর-মাগুরা-আরিচা রুটে
প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬, ০৬:০৩ অপরাহ্ণ

খুলনা থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে চলাচল না করে যশোর-মাগুরা ও আরিচা রুট ব্যবহার করছে পরিবহনগুলো। পরিবহন সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে
তবে শুক্রবার (২০ নভেম্বর) সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়নি জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার পর থেকে কয়েকটি দূরপাল্লার বাস ঢাকার উদ্দেশ্যে খুলনা ছেড়ে যায়। তবে বাসগুলো গোপালগঞ্জের সড়ক ব্যবহার না করে যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে আরিচা দিয়ে ঢাকায় যাচ্ছে। জরুরি প্রয়োজনে অনেক যাত্রী রাতে বিকল্প এই পথে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন।
এর আগে, গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার বিষয় বিবেচনা করে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন সংশ্লিষ্টরা।
খুলনার রয়্যাল মোড়ে সোহাগ পরিবহনের কাউন্টারের আব্দুল হান্নান জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কর্তৃপক্ষ বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। এরপর রাতে কয়েকটি বাস যশোর-আরিচা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাস যশোর, মাগুরা ও ফরিদপুর হয়ে ঢাকায় যাচ্ছে। তবে গোপালগঞ্জ ও পদ্মা সেতু হয়ে বাস চলাচলের বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি।
এছাড়াও খুলনার একাধিক বাস কাউন্টারে খোজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে বাস চলাচল শুরুর বিষয়ে কর্তৃপক্ষের নির্দেশনা আসে। বৃহস্পতিবার দুপুরে বাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। এরপর থেকে বাস চলাচল শুরু হয়।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, জেলা প্রশাসনের সভায় পরিবহন চলাচল বন্ধ রাখা যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে। তবে গোপালগঞ্জের পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। এ কারণে বুধবার দুপুর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল।
তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েকটি পরিবহন বৃহস্পতিবার রাত থেকে যশোর-আরিচা হয়ে ঢাকায় চলাচল করছে। জেলা প্রশাসনের বৈঠকে গোপালগঞ্জের সড়ক এড়িয়ে যশোরের পথ ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খুলনা থেকে ঢাকাগামী বাসগুলো যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে।
খুলনা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে পদ্মা সেতু হয়ে চলাচলকারী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন শুক্রবার সকালে খুলনা থেকে ছেড়ে যায়নি। এর আগে বৃহস্পতিবার রাতেও ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে আসেনি। ট্রেনটি বেনাপোল থেকে সরাসরি খুলনায় চলে আসে। শুক্রবার সকালে খুলনা থেকে ট্রেনটি ছেড়ে না যাওয়ায় শুক্রবার রাতেও ঢাকা থেকে খুলনায় জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করবে না।
খুলনার আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন সকালের সময়কে বলেন, মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে গোপালগঞ্জে হামলার কারণে ও নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল স্বাভাবিক রাখতে খুলনা থেকে আরিচা-দৌলতদিয়া রুটে বাস চলাচল করছে।



















