
মধুপুরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ণ

মধুপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অপতৎপরতার প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় ‘সন্ত্রাস করিস না, পিঠের চামড়া থাকবে না’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পৌর শহরের রাজপথ।
কর্মসূচিতে নেতৃত্ব দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম এ রতন হায়দার, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন, আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী, সদস্যসচিব শাহাদৎ ফকিরসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ ছাড়া যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
সমাবেশে নেতাকর্মীরা বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট এবং জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। তারা দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।




















