শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

আনসার ও ভিডিপির মহাপরিচালক পদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ


আনসার ও ভিডিপির মহাপরিচালক পদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর পূর্ববর্তী বদলি ও নিয়োগসংক্রান্ত আদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তাঁর নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকার সুযোগ তৈরি হলো।

বাহিনী সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আনসার ও ভিডিপির সার্বিক উন্নয়ন, আধুনিকায়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সদস্যদের কল্যাণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। বিশেষ করে অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ছাড়া মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন, যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা সংস্কার, পদকের সংখ্যা বৃদ্ধি, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগ সৃষ্টির মতো পদক্ষেপ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। পাশাপাশি আধুনিক আবাসন সুবিধায় ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণ বাহিনীর সদস্যকল্যাণে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করেন, দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তায় আনসার-ভিডিপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার, সাংগঠনিক সক্ষমতা ও আধুনিকায়নের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

Link Copied