বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

logo

নোয়াখালীতে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদ বিষয়ক কৃষক সমাবেশ ও প্লট প্রদর্শন অনুষ্ঠিত

reporter

মোহাম্মদ সেলিম, নোয়াখালী:

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৪ অপরাহ্ণ


নোয়াখালীতে খরা ও লবণ সহিষ্ণু ধান আবাদ বিষয়ক কৃষক সমাবেশ ও প্লট প্রদর্শন অনুষ্ঠিত

নোয়াখালীর দক্ষিণাঞ্চলে রবি মৌসুমে খরা ও লবণ সহিষ্ণু জাতের বোরো ধান আবাদ বিষয়ক কৃষক সমাবেশ হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট- বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বিনা-১০ জাতের ধান আবাদে কৃষকের উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়।

বুধবার সকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের ১ নম্বর স্লুইজগেইট এলাকায় বিনা-১০ এর প্রদর্শনী প্লট ও আলোচনা সভার আয়োজন করা হয়। ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি-নেক্সট’ প্রকল্পের আওতায় এ প্রদর্শনীর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচবিও (সার্ভিস ফর হিউম্যান বিয়িং অর্গানাইজেশন)। প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে এমএস টিসিডিসি।

উদ্যোক্তারা জানান, সম্প্রতি অনাবৃষ্টির কারণে কৃষি জমিতে ব্যাপক লবণাক্ততা দেখা দেয়। ফলে রবি মৌসুমে বোরো আবাদে অনিশ্চয়তা দেখা দেয়। অথচ, দেশীয় উদ্ভাবিত খরা ও লবণ সহিষ্ণু জাত রয়েছে। কিন্তু কৃষকরা এ জাত সম্পর্কে অতটা অবহিত না থাকায় দুশ্চিন্তায় পড়েছে। এ অঞ্চলের কৃষক মূলত রবি মৌসুমে যে জাতের ধান আবাদ করছে, সেসব ধানে ভূগর্ভের পানি প্রচুর পরিমাণে ব্যবহার করতে হচ্ছে। ফলে দিন দিন এ অঞ্চলের ভূগর্ভের পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে চলতি বছর অনাবৃষ্টির কারণে জমিতে লবণাক্ততাও দেখা দিয়েছে।

উদ্যোক্তাদের দাবি, বিনা-১০ মূলত উচ্চ ফলনশীল একটি জাত। এ জাতের ধান আবাদ করলে ভূগর্ভের পানির ব্যবহার কমতে থাকে। একই সাথে লবণাক্ত জমিতেও এর ফলন ভালো হয়। তাছাড়া এ জাতের ধানে তেমন কীটনাশক ও সার ব্যবহার করার প্রয়োজন হয় না। স্থানীয়ভাবে উৎপাদিত জৈব সার/ট্রাইকো-কম্পোস্ট সার ব্যবহারই যথেষ্ট।

সমাবেশে ওই এলাকার শতাধিক কৃষক ও যুবক উপস্থিত ছিলেন। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, এসএইচবিও'র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা, স্ক্যান প্রোজেক্টের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল রাহাদ সহ কৃষক ও যুব প্রতিনিধিরা।

আয়োজক সংগঠন এসএইচবিও'র নির্বাহী পরিচালক ফাহিদা সুলতানা জানান, লবণাক্ততা ও অনিশ্চিত আবহাওয়ার চাপে থাকা সুবর্ণচরের কৃষকদের পাশে দাঁড়াতে ইতোমধ্যে ২০ জন তরুণকে ‘স্মার্ট কোস্টাল অ্যাগ্রি লিডার’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা মূলত যেকোনো সমস্যায় কৃষকের পাশে থাকে। স্বল্প সময়ে এআই টুলস ব্যবহারের মাধ্যমে রোগ চিহ্নিতকরণ ও এর সমাধান নিশ্চিত করবে। এ ছাড়া ট্রাইকো-কম্পোস্ট সার তৈরিতে ৫০জন নারীকেও প্রশিক্ষণ দেওয়া হয়, যা উদ্যোক্তা হিসেবে সার উৎপাদন ও বিক্রি করবে।

মোহাম্মদ সেলিম, নোয়াখালী: / এমএসএম

Link Copied