
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিভিন্ন স্থানে গাছ, ট্রাক ও বৈদ্যুতিক খুঁটি ফেলে প্রতিবন্ধকতা
শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে টুঙ্গিপাড়ায় দিনভর সড়ক অবরোধ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনভর সড়ক অবরোধ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাছ, ইটের স্তূপ, বৈদ্যুতিক খুঁটি ও ট্রাক ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে টুঙ্গিপাড়া থেকে দেশের বিভিন্ন স্থানে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে পিরোজপুর-গোপালগঞ্জ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলফা বাজার থেকে পাটগাতী বাসস্ট্যান্ড পর্যন্ত অন্তত সাতটি স্থানে সড়ক অবরোধ করা হয়। স্থানগুলো হলো নীলফা বাজার, রামচন্দ্রপুর, মালেকের দোকান, সিঙ্গিপাড়া, গিমাডাঙ্গা মল্লিকের মাঠ, নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়। এ ছাড়া টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন থেকে কোটালীপাড়াগামী সড়কের পাঁচকাহনিয়া সেতুর গোড়ায় গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এদিকে মঙ্গলবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে যান। সেখানে তাঁরা শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। মিছিল থেকে নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন ও অবরোধ কর্মসূচি চলবে। পাশাপাশি আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
অন্যদিকে দুপুরের পর টুঙ্গিপাড়া থানার সামনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কয়েকজন সদস্যকে ভ্যানে করে ব্যাগপত্র নিয়ে চলে যেতে দেখা যায়। এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার তদন্ত কর্মকর্তা পলাশ হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘থানার কোনো কার্যক্রম নেই। থানা তো পুড়িয়ে দিয়েছে। পুলিশ সদস্যরা যে যার মতো নিরাপদে আছে। কেউ কেউ পুলিশ লাইনে চলে গেছে।’
ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো নির্দেশনা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, সব পুলিশ সদস্যকে নিরাপদ স্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে সকাল ১১টার পর ছাত্রলীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া সরকারি কলেজে গিয়ে কলেজটির সাবেক নাম ‘টুঙ্গিপাড়া সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার লাগিয়ে দেন বলে জানা গেছে।
অবরোধের কারণে দিনভর টুঙ্গিপাড়া থেকে বিভিন্ন গন্তব্যে যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী, পরিবহনশ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। বিকেল ৪টা পর্যন্ত পাটগাতী বাসস্ট্যান্ড, নীলফা বাজার ও গিমাডাঙ্গা চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীদের সড়কে অবস্থান করতে দেখা যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এসব এলাকায় অবরোধ চলছিল।
টুঙ্গিপাড়ার সার্বিক পরিস্থিতি, পুলিশ সদস্যদের নিরাপত্তা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।





















