
ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা মাওলানা ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মজলুম জননেতা, গণমানুষের নেতা ও উপমহাদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাত বার্ষিকী উপলক্ষে পবিত্র ওরশ মোবারক ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত মাওলানা ভাসানী নগরে কামাত আঙ্গারিয়া ওরশ উদযাপন কমিটির উদ্যোগে এ ওরশ ও ওফাত বার্ষিকী পালন করা হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে পালনের লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৮টায় পবিত্র কোরআন খতম, দুপুর ১২টায় মিলাদ মাহফিল, বাদ আসর থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বর্ণাঢ্য জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন, মানবপ্রেম, সাম্য ও শোষিত-বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে আলোচনা সভা। এ ছাড়া রাত ৯টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত শেষে উপস্থিত ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হবে। পরবর্তী সময়ে ভক্তদের অংশগ্রহণে হালকায় জিকির, মারফতি, মুর্শিদী ও বিভিন্ন ভক্তিমূলক গানের আয়োজন থাকবে। আয়োজক কমিটির প্রত্যাশা, এ আয়োজনের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর স্মৃতি, আদর্শ ও মানবকল্যাণমূলক চিন্তাধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, ভক্তি ও আধ্যাত্মিক চেতনার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওরশ মোবারক ও ওফাত বার্ষিকীর সকল কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-অনুরাগী, এলাকাবাসী এবং সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।




















