
আদালতের নথিতে ছেলে, পরে পালক পরিচয়ের অভিযোগ; সম্পত্তি নিয়ে চিতলমারীতে পারিবারিক বিরোধ
প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০৪:০১ অপরাহ্ণ

মায়ের মৃত্যুর পর ব্যাংকের অর্থ উত্তোলনের জন্য আদালতে করা সাকসেশন মামলায় ছেলে ও মেয়েকে আবেদনকারী হিসেবে রেখেছিলেন বাবা। সেই ছেলেকেই পরবর্তীতে পালক পুত্র হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা হচ্ছে—এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মোঃ জামশেদ আলী। তাঁর অভিযোগ, পৈতৃক ও মাতৃসম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতেই পরিবারের একটি পক্ষ তাঁর পিতৃপরিচয় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে বাগেরহাটের চিতলমারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ৩৩ বছর বয়সী জামশেদ। তিনি আশরাফ আলী শেখ ও প্রয়াত জাহানারা বেগমের ছেলে।
সংবাদ সম্মেলনে প্রদর্শিত আদালতের নথিতে দেখা যায়, বাগেরহাট জেলা ডেলিগেট আদালতে সাকসেশন অ্যাক্টের ৩৭২ ধারা অনুযায়ী মিস-৪৯/২০২৪ নম্বর মামলা করা হয়েছিল। ২০২৪ সালের ১৯ মে দাখিল করা আবেদনপত্রে আবেদনকারী হিসেবে আশরাফ আলী শেখ, তাঁর ছেলে জামশেদ আলী ও মেয়ে জুথি আক্তারের নাম রয়েছে।
জামশেদ জানান, তাঁর মা জাহানারা বেগম সরকারি চাকরি থেকে সুপারভাইজার পদে অবসর গ্রহণের পর ২০১৮ সালের ১৯ মার্চ মারা যান। তাঁর ব্যাংক হিসাবে জমা থাকা অর্থ উত্তোলনের জন্য বাবা, তিনি ও বোন যৌথভাবে সাকসেশন মামলার আবেদন করেন। আদালতের রায় ও সাকসেশন সার্টিফিকেট অনুযায়ী তাঁরা প্রত্যেকে নির্ধারিত হিস্যা পেয়েছেন বলে দাবি করেন তিনি।
জামশেদের ভাষ্য, পরবর্তীতে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ দেখা দেয়। তাঁর মামা বাদশা মিয়া শেখ ও মামি ফরিদা বেগমের প্ররোচনায় বাবা আশরাফ আলী শেখ তাঁকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে গত ১৯ আগস্ট ২০২৬ তারিখে বোন জুথি আক্তারের নামে ৩ একর ৭ শতক জমি হেবা বিল এওয়াজ দলিল করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁর।
তিনি আরও বলেন, ওই জমির নামজারি ও জমাভাগের জন্য অনলাইনে আবেদন করা হলে সেখানে ২০২৩ সালের একটি ওয়ারিশ কায়েম সনদের অনুলিপি ব্যবহার করা হয়। ওই সনদে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। সনদটির অনুলিপিতে তারিখ ও চেয়ারম্যানের সিল না থাকায় এর বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি।
জামশেদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন, এ ধরনের কোনো ওয়ারিশ সনদ ৫ নম্বর চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা হয়নি। বিষয়টি জানার পর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনটি শুনানির জন্য সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পাঠানো হয়েছে। বিতর্কিত নামজারি বাতিলের আবেদনও করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সম্পত্তির বিরোধের জেরে তাঁর বাবা তাঁর বিরুদ্ধে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৃথক অভিযোগ দিয়েছেন। উপস্থাপিত দুটি অভিযোগপত্রের একটিতে ২৮ অক্টোবর ২০২৬ তারিখ রয়েছে। এসব অভিযোগে তাঁকে নেশাগ্রস্ত, বাবাকে হুমকি দেওয়া ও পারিবারিক অশান্তি সৃষ্টির জন্য দায়ী করা হয়েছে বলে জানান জামশেদ। তিনি এসব অভিযোগ অস্বীকার করে সেগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
জামশেদ বলেন, তাঁর জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাগত যোগ্যতার সনদে বাবা-মায়ের নাম রয়েছে। আদালতের সাকসেশন মামলার আবেদনপত্রেও তাঁর বাবার সঙ্গে তাঁর নাম রয়েছে। এ অবস্থায় তাঁকে পালক পুত্র হিসেবে পরিচয় দেওয়ার প্রচেষ্টা তাঁর পিতৃপরিচয় ও সামাজিক মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি প্রশাসনের কাছে সংশ্লিষ্ট সব নথি যাচাই করে নিরপেক্ষ তদন্ত, বিতর্কিত নামজারি বিষয়ে আইনানুগ সিদ্ধান্ত এবং উত্তরাধিকার হিসেবে তাঁর প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে তাঁর পক্ষে উপস্থিত ছিলেন খুলনা জজ কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম পলাশ।




















