সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

নতুন কূপে গ্যাসের সন্ধানে স্বপ্ন দেখছে উপকূলের ২২ লক্ষ মানুষ, ভাগ্য বদলাবে কি ভোলার

reporter

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২৬, ০২:১৩ অপরাহ্ণ


নতুন কূপে গ্যাসের সন্ধানে স্বপ্ন দেখছে উপকূলের ২২ লক্ষ মানুষ, ভাগ্য বদলাবে কি ভোলার

ভোলায় নতুন আর‌ও একটি গ্যাসকূপের খননকাজ শেষ হয়েছে। ভোলা নর্থ-৩ নামের কূপটিতে তিনটি স্তরে গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে। কূপটির প্রাথমিক পরীক্ষায় দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

নতুন এই সম্ভাবনায় দেশের জ্বালানি সংকট নিরসনের পাশাপাশি স্থানীয়ভাবে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখছেন উপকূলীয় জেলা ভোলার ২২ লক্ষ বাসিন্দারা। তবে গ্যাসের মজুত থাকলেও আবাসিক ও শিল্পকারখানায় এর সুবিধা না পাওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভও রয়েছে।

বাপেক্স জানিয়েছে, ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে রোববার সকালে প্রকৌশলীরা সকাল ৮টা ২০ মিনিটে ভোলা নর্থ-৩ কূপের প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু করেন। বাপেক্সের অধীনে সিনোপ্যাকের মাধ্যমে কূপটি ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) পারফোরেশন সম্পন্ন হয় এবং ডিএসটির আগে পরীক্ষার স্ট্রিং ও সারফেস ফ্লোলাইনের চাপ পরীক্ষার ফল সন্তোষজনক ছিল। তবে ডিএসটি শেষে গ্যাস প্রবাহ ও কূপের চাপের তথ্য যাচাই করে ফলাফল পরে জানানো হবে বলে জানিয়েছেন বাপেক্স কর্তৃপক্ষ।

রোববার (১৫ নভেম্বর) সকালে গ্যাসের মজুত পরীক্ষা করতে ড্রিল স্টেম টেস্টের (ডিএসটি) জন্য আগুন প্রজ্বালন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি বাপেক্স ১৯৯৫ সালে ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কারের পর প্রথম আগুন প্রজ্বালন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেসময় খনন করা হয় ৯টি কূপ। বর্তমান কূপটি নিয়ে মোট ১০টি কূপের খনন কাজ সম্পন্ন হয়েছে। আরও চারটি কূপ খনন করবে চীনা কোম্পানি। এসব কূপের জন্য জায়গাও নির্ধারণ করা হয়েছে।

ভোলা নর্থ-৩ নামের এই কূপ থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে প্রতিষ্ঠানটি। কূপ পরীক্ষা (ডিএসটি) সম্পন্ন পরবর্তী গ্যাসের প্রবাহের পরিমাণ ও মজুদ সম্পর্কিত তথ্য নির্ধারিত হবে। এ নিয়ে ভোলা জেলায় মোট গ্যাস কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। ভোলার ৯টি কূপে মোট গ্যাস মজুতের পরিমাণ রয়েছে ২ টিসিএফ । এর মধ্যে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে ৭০ থেকে ৭৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হচ্ছে।

বাপেক্সের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন বলেন, বাপেক্সের ৫ টি কূপ খনন প্রকল্পের আওতায় গত ৯ সেপ্টেম্বর তারিখে নর্থ -৩ কূপের খনন কাজ শুরু হয়। এবং ২২ অক্টোবর খনন কাজ শেষ হয়। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন করা হয়।

এবারই প্রথম ভোলা অঞ্চলে খনন কাজ করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক। এর আগে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে। কূপ খনন কালে ৩টা স্তরে গ্যাসের অস্তিত্ব পরিলক্ষিত হয়। প্রাথমিক পর্যবেক্ষণে কূপটি থেকে দৈনিক ২০ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরীক্ষা শেষে গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করে চূড়ান্ত উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে ভোলার ৯টি কূপের উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮২ মিলিয়ন ঘনফুট। চলমান পাঁচটি কূপ খনন প্রকল্পে প্রত্যাশিত পরিমাণ গ্যাস পাওয়া গেলে এ সক্ষমতা আরও ১০০ মিলিয়ন ঘনফুট বাড়তে পারে। সে ক্ষেত্রে ভোলার মোট উৎপাদন সক্ষমতা দাঁড়াবে দৈনিক ২৮২ মিলিয়ন ঘনফুট। এদিকে ভোলায় নতুন কূপ খননে স্থানীয় বাসিন্দারা উচ্ছ্বাস প্রকাশ করলেও তাদের অধিকাংশের অভিযোগ, জেলায় গ্যাসের মজুত থাকলেও এর সুফল পাচ্ছেন না তারা। ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা এবং দেশের জ্বালানি চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় ভাবে শিল্পায়নের মাধ্যমে অর্থনীতি ও বিপুল কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি জোর দাবি জানাচ্ছেন ভোলাবাসী। গ্যাস ভিত্তিক কলকারখানা গড়ে তোলা ও গ্যাসের ব্যবহার নিশ্চিত করার দাবি জানান তারা।

ভোলার ব্যবসায়ী ও নাগরিক কমিটির প্রতিনিধি মাহাবুব মোর্শেদ বাবুল জানান, বর্তমানে ভোলায় ১০টি কূপ খনন করা হয়েছে। গ্যাসের মজুত প্রায় ৩ ট্রিলিয়ন ঘনফুটের কাছাকাছি। দৈনিক ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা গেলেও ব্যবহার হচ্ছে মাত্র ৬৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে আবাসিক ও গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহার করতে প্রয়োজন মাত্র ১ মিলিয়ন ঘনফুট গ্যাস।

আবাসিক গ্যাস সংযোগ, ভোলার গ্যাস ব্যবহার করে শিল্পায়নসহ ছয় দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর কাছে কয়েক লাখ মানুষের আবেদন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য রোববার চরফ্যাশনের চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। তবে ভোলায় গ্যাসের মজুত ও উৎপাদন সম্ভাবনা থাকলেও আবাসিক সংযোগ না দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এ নিয়ে জেলায় আন্দোলনও চলছে।

আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস সাংবাদিকদের বলেছেন, নতুন গ্যাসকূপের সন্ধান পাওয়া ইতিবাচক খবর। ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা গেলে দেশের জ্বালানি সংকট নিরসনে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি শিল্পকারখানার উৎপাদন সচল রাখা ও অর্থনীতির চাকা এগিয়ে নেওয়া সহজ হবে। তাই দ্রুত ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে সরকারের উদ্যোগ চান তিনি।

এমএসএম / এমএসএম

Link Copied