শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

reporter

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ


পটুয়াখালীতে এস আলম পরিবহনের কাউন্টার দখল ও মারধরের অভিযোগ

পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড এলাকায় ‘এস আলম পরিবহন’-এর টিকিট কাউন্টারে হামলা চালিয়ে তালাবদ্ধ করে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বেদখল হওয়া কাউন্টার পুনরুদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবহন নেতা।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টায় পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান টিটু।

লিখিত বক্তব্যে তিনি জানান, পটুয়াখালী নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন রিয়াজ উদ্দিন মার্কেটের একটি দোকানঘর বৈধ চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া নিয়ে তিনি তিন মাস ধরে এস আলম পরিবহনের কাউন্টার পরিচালনা করে আসছিলেন। নিয়মিত ভাড়া পরিশোধের রশিদ ও দলিল থাকা সত্ত্বেও গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনো নোটিশ ছাড়াই সাইফুল মৃধার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী কাউন্টারে হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা কাউন্টারে থাকা মিজানুর রহমানের ছেলে ও কাউন্টার সহকারী বদরুল আলমগীরকে মারধর করে বের করে দেয় এবং কাউন্টারে তালা ঝুলিয়ে দখল করে নেয়। হামলার ভিডিও চিত্র এবং ভাড়ার বৈধ কাগজপত্র সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

মিজানুর রহমান টিটু আরও অভিযোগ করেন, দখলের ঘটনা আড়াল করতে অভিযুক্ত চক্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া চুক্তিপত্র ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করছে। অভিযুক্ত সাইফুল মৃধার বিরুদ্ধে দখল, লুটপাট ও চাঁদাবাজির একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে বেআইনিভাবে দখলকৃত কাউন্টারটি দ্রুত উদ্ধার, পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্ত সাইফুল মৃধাসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

উল্লেখ্য, দোকানঘরটির মালিক মো. রিয়াজ মৃধার সঙ্গে কাউন্টার পরিচালনার বিষয়ে মিজানুর রহমান টিটুর ভাড়ার চুক্তি হয়েছিল। তবে এ বিষয়ে বক্তব্য জানতে মো. রিয়াজ মৃধার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


Link Copied