
কুবিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৬, ০৭:২২ অপরাহ্ণ

সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতা, অপতৎপরতা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে আনসার ক্যাম্প ও দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও নিষিদ্ধ ছাত্রলীগ নানা ষড়যন্ত্র ও নাশকতা চালানোর অপচেষ্টা করছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা পুরোপুরি সতর্ক ও সজাগ রয়েছে এবং তাদের যেকোনো চক্রান্ত প্রতিহত করতে কুবি ছাত্রদল প্রস্তুত।
তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার কোনো অপচেষ্টা বা নাশকতার পরিকল্পনা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। এদের হাতে সাধারণ ছাত্র-জনতার রক্ত লেগে রয়েছে উল্লেখ করে তিনি ক্যাম্পাসে যেকোনো সন্ত্রাসী তৎপরতা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন।






















