
পরিমাপে অনিয়মের দায়ে রাজধানীর তিন পেট্রোল পাম্পের ইউনিট বন্ধ করল বিএসটিআই
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকায় টানা দুই দিনের সার্ভিল্যান্স অভিযানে ১২টি পেট্রোল পাম্প পরিদর্শন করে জ্বালানি তেলের পরিমাপে অনিয়মের কারণে তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ও বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ের উদ্যোগে রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা, তুরাগ, কাফরুল, খিলক্ষেত, মিরপুর, মতিঝিল ও মালিবাগসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২টি পাম্পের মধ্যে তিনটিতে অনিয়ম পাওয়া যায় এবং বাকি নয়টি পাম্পের পরিমাপ সঠিক পাওয়া যায়।
বিএসটিআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থিত কসমো ফিলিং স্টেশনের পাঁচটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৯০ মিলিলিটার জ্বালানি তেল কম পাওয়া যায়। একই দিনে তুরাগের ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট ফিলিং স্টেশনের তিনটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৬০ মিলিলিটার তেল বেশি পাওয়া যায়। পরিমাপে অনিয়মের কারণে ইউনিট দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অপরদিকে বুধবার রাজধানীর মিরপুর, মতিঝিল ও মালিবাগ এলাকায় আরও তিনটি পেট্রোল পাম্পে অভিযান চালায় বিএসটিআই। এ সময় মতিঝিল বাণিজ্যিক এলাকার মেঘনা মডেল সার্ভিস সেন্টারের তিনটি ডিসপেন্সিং ইউনিট যাচাই করে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট ইউনিটটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
১৭ নভেম্বরের অভিযানটি বিএসটিআইয়ের উপপরিচালক (মেট্রোলজি) মো. লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত হয়। এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেন এবং পরীক্ষক (রসায়ন, মেট্রোলজি) মিলন হোসেন অংশ নেন। ১৮ নভেম্বরের অভিযানটি সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ লিয়াকত হোসেনের নেতৃত্বে পরিচালিত হয় এবং এতে সহকারী পরিচালক (মেট্রোলজি) মোহাম্মদ বিল্লাল হোসেন ও পরীক্ষক মিলন হোসেন অংশগ্রহণ করেন। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।




















