শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

আশুলিয়ার মাটির পাতিল এখন বিদেশের বাজারে

reporter

সফি সুমন

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ


আশুলিয়ার মাটির পাতিল এখন বিদেশের বাজারে

একসময় বাংলার গ্রামগঞ্জে মাটির পাতিল ছিল নিত্যদিনের রান্নার অন্যতম প্রধান উপকরণ। সময়ের পরিবর্তনে অ্যালুমিনিয়াম, স্টিল কিংবা আধুনিক নানা উপকরণের ব্যবহার বেড়েছে। তবে হারিয়ে যায়নি মাটির তৈরি পণ্যের কদর। বরং দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মাটির পাতিল এখন পৌঁছে যাচ্ছে বিদেশের বাজারে।

ঢাকা সাভারের আশুলিয়ার নলাম এলাকার পালপাড়ায় গড়ে উঠেছে এমনই এক সম্ভাবনাময় প্রতিষ্ঠান "নাবিলা মৃৎশিল্প"। এখানকার তৈরি মাটির পাতিল রপ্তানি হচ্ছে তাইওয়ান, চীন ও গ্রিসসহ বিভিন্ন দেশে। দেশীয় মাটি, কারিগরের নিপুণ হাত আর একজন তরুণ উদ্যোক্তার স্বপ্ন মিলেমিশে তৈরি করেছে সম্ভাবনার নতুন এক ঠিকানা।

আশুলিয়ার নলাম পালপাড়ায় প্রতিদিনই মাটি নিয়ে ব্যস্ত সময় পার করেন কারিগররা। কেউ মাটি প্রস্তুত করছেন, কেউ তৈরি করছেন পাতিলের কাঠামো, আবার কেউ দিচ্ছেন শেষ মুহূর্তের ফিনিশিং। একেকটি পাতিল তৈরির পেছনে রয়েছে শ্রম, দক্ষতা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা।

প্রথমে সংগ্রহ করা হয় উপযোগী মাটি। এরপর মাটি পরিষ্কার ও প্রক্রিয়াজাত করে তৈরি করা হয় প্রয়োজনীয় উপকরণ। কারিগরের হাতের স্পর্শে ধীরে ধীরে রূপ নেয় পাতিল। নির্দিষ্ট সময় শুকানোর পর সেগুলো পোড়ানো হয় চুল্লিতে। তাপের মধ্য দিয়ে শক্ত ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে মাটির তৈরি এসব পণ্য।

এভাবেই তৈরি হওয়া পাতিলের একটি অংশ দেশের বাজারে চাহিদা পূরণ করছে, অন্যদিকে বড় একটি অংশ যাচ্ছে বিদেশের ক্রেতাদের কাছে।
এই উদ্যোগের পেছনে রয়েছেন অত্র এলাকারই তরুণ উদ্যোক্তা উজ্জ্বল আহমেদ। স্থানীয় মৃৎশিল্পের ঐতিহ্যকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই তাঁর এই উদ্যোগ।

শুধু ব্যবসা প্রতিষ্ঠা নয়, স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগও তৈরি করেছেন তিনি। বর্তমানে নাবিলা মৃৎশিল্পে কাজ করছেন ৩২ জন শ্রমিক ও কারিগর। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষ মৃৎশিল্পী থেকে শুরু করে বিভিন্ন কাজে নিয়োজিত কর্মজীবী মানুষ।
এখানে কর্মরত শ্রমিকদের মাসিক বেতন সর্বনিম্ন ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২৬ হাজার টাকা পর্যন্ত। কাজের ধরন, দক্ষতা ও দায়িত্ব অনুযায়ী নির্ধারিত হয় তাঁদের পারিশ্রমিক।
একটি মাটির পাতিলের পেছনে রয়েছে অনেকগুলো হাতের শ্রম। মাটি প্রস্তুত করা থেকে শুরু করে আকৃতি দেওয়া, শুকানো, পোড়ানো এবং বাজারজাত করার প্রতিটি ধাপেই প্রয়োজন হয় শ্রমিকদের দক্ষতা ও সময়।

স্থানীয়ভাবে তৈরি এসব পণ্য যখন দেশের সীমানা অতিক্রম করে বিদেশের বাজারে পৌঁছায়, তখন তার সঙ্গে পৌঁছে যায় বাংলাদেশের মৃৎশিল্পের পরিচয়ও।
বিশেষ করে তাইওয়ান, চীন ও গ্রিসের মতো দেশে বাংলাদেশের তৈরি মাটির পাতিলের বাজার তৈরি হওয়া এ শিল্পের জন্য নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে আন্তর্জাতিক বাজারে এই অবস্থান ধরে রাখতে প্রয়োজন পণ্যের মান বজায় রাখা, উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং নিরবচ্ছিন্নভাবে ক্রেতাদের চাহিদা পূরণ করা।
বাংলাদেশের মৃৎশিল্পের ইতিহাস বহু পুরোনো। প্রজন্মের পর প্রজন্ম ধরে পাল সম্প্রদায়ের মানুষ মাটিকে রূপ দিয়েছেন নানা প্রয়োজনীয় সামগ্রীতে। একসময় এই শিল্পের বাজার ছিল মূলত স্থানীয় হাটবাজার ও গ্রামকেন্দ্রিক। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিচিতি বদলাতে শুরু করেছে।

আধুনিক ব্যবসায়িক উদ্যোগ, উৎপাদন ব্যবস্থাপনা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ঐতিহ্যবাহী এই শিল্পের সামনে খুলে যাচ্ছে নতুন বাজার।
সাভারের নলাম এলাকার নাবিলা মৃৎশিল্প সেই পরিবর্তনেরই একটি উদাহরণ। একজন স্থানীয় তরুণের উদ্যোগে এখানে যেমন তৈরি হচ্ছে রপ্তানিযোগ্য পণ্য, তেমনি জীবিকার পথ তৈরি হয়েছে ৩২টি পরিবারের সদস্যদের জন্য।

মাটির সঙ্গে মানুষের সম্পর্ক হাজার বছরের। সেই মাটিই এখন হয়ে উঠছে বৈদেশিক বাণিজ্যের সম্ভাবনাময় উপকরণ। আশুলিয়ার নলাম থেকে তৈরি মাটির পাতিল পাড়ি দিচ্ছে হাজার মাইল দূরের দেশগুলোতে।
এটি কেবল একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক সাফল্যের গল্প নয়; বরং দেশীয় ঐতিহ্যকে আধুনিক উদ্যোগের মাধ্যমে বিশ্ববাজারে তুলে ধরার এক প্রচেষ্টা।
সঠিক পরিকল্পনা, মানসম্মত উৎপাদন এবং প্রয়োজনীয় সহযোগিতা পেলে বাংলাদেশের মৃৎশিল্প একদিন আন্তর্জাতিক বাজারে আরও বড় জায়গা করে নিতে পারে এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

সফি সুমন / এমএসএম

Link Copied