
‘সবুজ প্রকৃতি ও প্রেম’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন অধ্যাপক ড. সাজ্জাদ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কবি কাব্য সিদ্দিকীর প্রথম কাব্যগ্রন্থ ‘সবুজ প্রকৃতি ও প্রেম’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরাতন ক্যাম্পাসে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কবি কাব্য সিদ্দিকী বলেন, "আমার কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতা কৈশোর, কলেজ জীবন এবং বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষে লেখা। সে সময়ের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা এবং প্রকৃতির সঙ্গে নিজের কথোপকথনই কবিতাগুলোর মূল উপজীব্য। বইটিতে প্রায় ৪০টি কবিতা রয়েছে।"
অধ্যাপক ডক্টর সাজ্জাদ হোসেন বলেন, “আমি সাহিত্যের মানুষ। সাহিত্যের প্রতি আমার আলাদা ভালোবাসা রয়েছে। বিশেষ করে কবিতার মর্ম, কবিতার অন্তর্নিহিত ভাব এবং কবিতার মাধ্যমে জীবনের যে গভীর উপলব্ধি প্রকাশ পায় তা আমি হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করি।"
তিনি আরও বলেন, "কবিতা কেবল কিছু শব্দের সমষ্টি নয়, কবিতা জীবনের কথা বলে, মানুষের অনুভূতির কথা বলে, সমাজের কথা বলে, জীবনের বাস্তবতা ও স্বপ্নের কথা বলে। একজন কবি তার লেখনীর মাধ্যমে এমন অনেক সত্য ও অনুভূতি তুলে ধরেন যা হয়তো সাধারণ ভাষায় প্রকাশ করা কঠিন।"
সাহিত্যচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার প্রত্যাশা এবং কবি কাব্য সিদ্দিকীর সাহিত্যিক পথচলার সফলতা কামনার মধ্য দিয়ে অধ্যাপক সাজাদ হোসেন তার বক্তব্য শেষ করেন।





















