বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

logo

গোপালগঞ্জে সহিংসতার জেরে পদ্মা সেতু হয়ে খুলনার বাস বন্ধ

reporter

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ


গোপালগঞ্জে সহিংসতার জেরে পদ্মা সেতু হয়ে খুলনার বাস বন্ধ
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে হামলা, খুলনা থেকে ঢাকাগামী বাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তল্লাশি ও যাত্রী হয়রানির খবর ছড়িয়ে পড়ায় খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাওয়ার রুটে পরিবহন বন্ধ রয়েছে। তবে বিকল্প পথ হিসেবে খুলনা থেকে নড়াইল বা যশোর হয়ে পদ্মা সেতু এবং আরিচা রুটে ঢাকায় যাওয়ার পথ ব্যবহার করবে পরিবহন সংশ্লিষ্টরা। একাধিক পরিবহন কাউন্টারে কথা বলে এমন তথ্য জানা গেছে।
 
ইমাদ, রয়্যাল, সোহাগ পরিবহনসহ একাধিক কাউন্টারে বুধবার (১৮ নভেম্বর) খোঁজ নিয়ে জানা যায়, নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামীসহ বিভিন্ন রুটের বাস চলাচল বুধবার দুপুরের পর থেকে সব বাসের স্বাভাবিক অপারেশন বন্ধ। গোপালগঞ্জের অবস্থা অস্বাভাবিক হওয়ার কারণে আজ বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে পরিবহন মালিকদের কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশনা এখনো লোকাল কাউন্টারে জানানো হয়নি।
 
খুলনার আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি মোকাম্মেল হোসেন জাগো নিউজকে বলেন, মালিক সমিতি বাস চলাচল বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে গোপালগঞ্জে হামলার কারণে ও নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল স্বাভাবিক রাখতে খুলনা থেকে আরিচা-দৌলতদিয়া রুটে বাস চলাচল করছে।
 
সোনাডাঙ্গা হানিফ কাউন্টারের স্টাফ কামাল হোসেন বলেন, খুলনা থেকে পদ্মা সেতু হয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা থেকে আরিচা হয়ে ঢাকা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
 
সোহাগ পরিবহনের খুলনা কাউন্টারে খোঁজ নিয়ে জানা যায়, অনেক যাত্রী টিকিট বাতিল করেছেন এবং ঢাকায় যাওয়ার বিকল্প রুটের টিকিট নিচ্ছেন। এজন্য খুলনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাওয়ার রুটের শিডিউল বিপর্যয় ঘটেছে। তবে আরিচা রুটের বাস চলাচল ব্যবস্থা সচল রয়েছে।
 
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান বলেন, দুপুরের পর থেকে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর ও যানবাহনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে তীব্র উদ্বেগ তৈরি হওয়ায় পরিবহন মালিকরা নিজেরা মিলেই বাস চলাচল বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেন।
 
তিনি আরও বলেন, পদ্মা বহুমুখী সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটের বাস চলাচলও আপাতত স্থগিত রয়েছে।
এমএসএম / এমএসএম

Link Copied