
ডেমরায় খাল খনন কর্মসূচি ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ

রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে হাজীনগর এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিষ্কার ও পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালামের সামনেই বিএনপির প্রধান সমন্বয়ক নবী উল্লাহ নবী এবং ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিমের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
এর জেরে ডেমরা থানা বিএনপির একটি অংশ ও নবী উল্লাহ নবীর সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়লে হাজীনগর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা অনুষ্ঠানের জন্য রাখা বসার চেয়ারগুলো ভাঙচুর করেন।
পরে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া বিএনপির মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান এবং সাবেক আহ্বায়ক সেলিম নেতাকর্মীদের শান্ত করেন।
ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হ্যান্ড মাইকে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নিজেদের অভ্যন্তরীণ ঝামেলা নিজেরা সমাধান করবেন। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে। আমরা এখানে নির্ধারিত খালগুলো খনন ও পরিষ্কার কাজের উদ্বোধনে এসেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিন। আমি চাই না আপনাদের ঝগড়াঝাঁটি আমাদের ঘাড়ে আসুক। এ ঘটনায় যারা দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকলকে দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে।’ এ সময় তিনি গ্রুপিং স্লোগানধারীদের অনুষ্ঠানস্থল ত্যাগ করার নির্দেশ দেন।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, ‘ডিএসসিসি প্রশাসকের সামনে হঠাৎ মঞ্চে হট্টগোল শুরু হয়। নিজেদের মধ্যে হুলুস্থুল লেগে একপর্যায়ে নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করেন। পরে প্রশাসক মহোদয় ও থানা পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’




















