শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

logo

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

reporter

প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ অপরাহ্ণ


পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

নৌবাহিনীর সমন্বয়ে উপকূলীয় অঞ্চল ভিত্তিক উপজেলা আনসার উচ্চতর প্রশিক্ষণ-১ এর সমাপনী অনুষ্ঠান হয়েছে পটুয়াখালীতে। মঙ্গলবার (৪ নভেম্বর) পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সমাপনী অনুষ্ঠিত হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 'পিপলস ওয়ারফেয়ার ডকট্রিন' এর আলোকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত গণপ্রতিরক্ষা দর্শনের আলোকে বাহিনীর ৬০ লাখ সদস্যকে জাতীয় নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবায় আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মহাপরিচালক বলেন, জাতীয় নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণ ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করা হচ্ছে। সেনাবাহিনীর পাশাপাশি প্রথমবারের মতো নৌবাহিনীর সঙ্গেও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

তিনি জানান, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার দিকনির্দেশনায় ও সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় গৃহীত এ উদ্যোগ পর্যায়ক্রমে উপকূলীয় জেলাসহ দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে নৌবাহিনী, কোস্ট গার্ড, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলীয় নিরাপত্তা, মৎস্যজীবীদের সুরক্ষা ও দুর্যোগকালীন দ্রুত সাড়াদান সক্ষমতা বাড়ানো হবে।

এ সময় প্রশিক্ষণের ওপর নির্মিত প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। পরে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী প্রশিক্ষণার্থীদের ক্রেস্ট, ডিজিটাল সনদপত্র ও আনসার ব্যাংকের শেয়ার সার্টিফিকেট প্রদান করেন মহাপরিচালক।

তিনি আরও বলেন, সদস্যদের কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। জাপানি ভাষা প্রশিক্ষণ ও প্রান্তিক শক্তি লিমিটেডের মাধ্যমে জাপান ও ইউরোপে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং আনসার-ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Link Copied