
পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ
প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ

পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানাধীন টোল প্লাজাসংলগ্ন এলাকায় এ সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সন্দেহভাজন পাঁচটি যাত্রীবাহী দূরপাল্লার বাসে তল্লাশি চালিয়ে ২১০ কেজি নিষিদ্ধ শাপলাপাতা মাছ এবং ১ হাজার ১৫০ কেজি জাটকা জব্দ করেন অভিযানকারী দলের সদস্যরা। জব্দকৃত মাছের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে সংশ্লিষ্ট বাসের চালক, সুপারভাইজার ও হেলপারদের কাছ থেকে ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে না জড়ানোর শর্তে মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
পরবর্তীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাটকা মাছগুলো স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে জব্দকৃত নিষিদ্ধ শাপলাপাতা মাছগুলো বিনষ্টের লক্ষ্যে মাটির নিচে পুঁতে ফেলা হয়। সামুদ্রিক জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ সুরক্ষায় এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।




















