সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

logo

রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক

reporter

প্রকাশিত: ৩ নভেম্বর, ২০২৬, ০৯:০৫ অপরাহ্ণ


রক্তদাতা না পেয়ে মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন চিকিৎসক

রক্তের সংকটে থাকা এক মুমূর্ষু প্রসূতি রোগীকে রক্তদাতা না পেয়ে নিজের শরীর থেকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহিদুল ইসলাম তুহিন। সোমবার (২ নভেম্বর ২০২৬) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে সর্বমহলে প্রশংসায় ভাসেন এই মানবিক চিকিৎসক।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর ‘ইনকমপ্লিট অ্যাবরশন’ পরবর্তী জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বোহরকাঠি গ্রামের দিনমজুর মঞ্জু হাওলাদারের স্ত্রী আঞ্জুরা বেগম (৪০)। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এমন সংকটজনক পরিস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিকভাবে ‘এ পজিটিভ’ গ্রুপের রক্ত সঞ্চালনের পরামর্শ দেন।

রোগীর স্বামী মঞ্জু হাওলাদার জানান, বিভিন্ন রক্তদাতা সংগঠন ও আত্মীয়স্বজনের দ্বারে দ্বারে ঘুরেও পরদিন রবিবার সকাল পর্যন্ত কোনো রক্তদাতার সন্ধান মেলেনি। সময় যত গড়াচ্ছিল, রক্তশূন্যতায় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন তাঁর স্ত্রী। অসহায় পরিবারের এমন সংকটময় মুহূর্ত দেখে আর স্থির থাকতে পারেননি ডা. মাহিদুল ইসলাম তুহিন। তিনি অবিলম্বে নিজের শরীর থেকে রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। দ্রুত ক্রস ম্যাচিং পরীক্ষায় রক্তের মিল পাওয়ায় তিনি নিজেই রোগীকে এক ব্যাগ রক্ত প্রদান করেন। চিকিৎসকের রক্ত পাওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হতে শুরু করে এবং বিপদমুক্ত হন আঞ্জুরা বেগম।

এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মাহিদুল ইসলাম তুহিন জানান, নিজের রক্তের গ্রুপের সাথে ক্রস ম্যাচিং মিলে যাওয়ায় এক রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়েছে। তবে সবসময় এমন সুযোগ নাও মিলতে পারে। প্রত্যন্ত অঞ্চলে জরুরি সময়ে যেকোনো গ্রুপের রক্তের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় একটি শক্তিশালী রক্তদাতা নেটওয়ার্ক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলা জরুরি বলে মন্তব্য করে তিনি স্থানীয় মানবিক সংগঠনগুলোকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।


Link Copied