
ঠাকুরগাঁওয়ে জাল ভোট দিতে গিয়ে আটক ৩
প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলাকালে জাল ভোট দিতে গিয়ে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- হিমেল, সিয়াম ও মিনহাজ। তাঁরা আলিম প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে জানান, সবার সহযোগিতায় তিন ভুয়া ভোটারকে শনাক্ত করা হয়েছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। বর্তমানে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে সকাল ৮টা থেকে উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।




















