
যশোরে স্কুল চলাকালে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পলাতক শিক্ষক
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যালয়ে পাঠদান চলাকালে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত (২৬ অক্টোবর) সোমবার উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। গত মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বাড়ি ফিরে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিবরণ দিলে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দীপু বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তিনি সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেন। দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরুজ্জামান জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শিশুটির বক্তব্য নেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াও চলমান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলিয়া বেগম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।




















