
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের হাতিরঝিরি এলাকার একটি জুমের জমি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ছগির একই ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নূর হোসেনের ছেলে। তিনি চার সন্তানের (দুই ছেলে ও দুই মেয়ে) জনক। তাঁর মা ও বড় ভাই রাঙামাটিতে বসবাস করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে হাতিরঝিরি এলাকায় জুম চাষিরা জমিতে কাজ করতে যাওয়ার পথে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে লামা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের জোর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।




















