
লামায় পাহাড় ধসে নিহতদের পাশে এমপি সাচিং প্রু জেরি , এক লক্ষ দশ হাজার টাকা নগদ অনুদান
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ০৮:৫১ অপরাহ্ণ

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় ধসে শিশুসহ ৫ জন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বান্দরবানের সংসদ সদস্য (এমপি) সাচিংপ্রু জেরী।
আজ ১১ জুলাই, শনিবার দুপুর ১২টার দিকে তিনি দুর্ঘটনাস্থল ও নিহতের পরিবার দুটিকে দেখতে পরিদর্শনে যান। পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায়ছার হামিদসহ জেলা ও উপজেলা পর্যায়ের দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
পরিদর্শনকালে এমপি সাচিংপ্রু জেরী শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান। একই সাথে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের ঘরবাড়ি মেরামতের জন্য তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
এছাড়াও, এই পাহাড় ধসের ঘটনায় গুরুতর আহত হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা আজিজনগর ইউনিয়নের মহিলা মেম্বার রেহেনা আক্তারের চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
সংসদ সদস্য সাচিংপ্রু জেরী জানান, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে প্রশাসন ও সরকার সব সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং এই ধরনের সহায়তার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















