সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬

logo

১৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে চট্টগ্রামে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার

reporter

মুহাম্মদ দিদারুল আলম, মিরসরাই

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ


১৫ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহনে চট্টগ্রামে হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার

উচ্চশিক্ষায় সঠিক বিশ্ববিদ্যালয় ও পছন্দের বিষয় নির্বাচনে শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা করতে চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন ফেয়ার ২০২৬’। চট্টগ্রামভিত্তিক মার্কেটিং ও ক্রিয়েটিভ এজেন্সি হুইজ কমিউনিকেশন্সের আয়োজনে রবিবার (২৯ নভেম্বর) শুরু হওয়া এ মেলা চলবে সোমবার (৩০ নভেম্বর) পর্যন্ত। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এ মেলায় অংশ নিচ্ছে ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়।

রবিবার (২৯ নভেম্বর) বিকেলে মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও হুইজ কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হুইজ কমিউনিকেশন্সের পরিচালক (অ্যাডমিন) ও মেলার সমন্বয়কারী কাজী আরফাত, মেলার পরামর্শক মুজিবুল হক এবং আবু জুনায়েদ আসাদ।

উদ্বোধনী বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তি। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই যথেষ্ট নয়, নিজের আগ্রহ, মেধা ও যোগ্যতা অনুযায়ী বিষয় ও শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করাও গুরুত্বপূর্ণ। প্রযুক্তি, বিজ্ঞান ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তাই শিক্ষার্থীদের সময়োপযোগী শিক্ষা ও দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামে এ ধরনের আয়োজন শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নগর উন্নয়নে তরুণদের অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, চট্টগ্রামকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় কাজীর দেউড়িতে শহীদ জিয়াউর রহমান শিশু পার্কের স্থানে প্রস্তাবিত সিটি সেন্টারের পরিকল্পনা প্রণয়নে শিক্ষার্থীদের সৃজনশীল ধারণা আহ্বান করেন তিনি।

ডা. শাহাদাত বলেন, শিশু পার্কের স্থানে সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের ধারণা ও পরিকল্পনা উপস্থাপন করতে পারবে। সেরা তিনটি ধারণার জন্য প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। পরে নির্বাচিত তিনটির মধ্য থেকে একটি ধারণা চূড়ান্ত করা হবে এবং সেটির জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা থাকবে।

বিশেষ অতিথি শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান উভয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক সময় শিক্ষার্থীরা অন্যের পছন্দ বা সামাজিক প্রত্যাশার কারণে বিষয় নির্বাচন করে, যা পরে তাদের আগ্রহ ও সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। তাই উচ্চশিক্ষার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্ব আগ্রহ, সক্ষমতা ও স্বপ্নকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ ধরনের মেলা শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য ও সম্ভাবনা সম্পর্কে জানতে সহায়তা করবে।

সভাপতির বক্তব্যে মাসুদ বকুল বলেন, উচ্চশিক্ষা একজন শিক্ষার্থীর জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। সঠিক তথ্যের অভাবে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচনে দ্বিধায় পড়ে। সেই দ্বিধা দূর করে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করতেই এ আয়োজন। চট্টগ্রামের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা সম্পর্কে জেনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলার সমন্বয়কারী কাজী আরফাত বলেন, এ মেলায় দেশের ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে। ভর্তি, বৃত্তি, শিক্ষাক্রম, ক্যাম্পাস সুবিধা ও ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছে। পাশাপাশি আইসিটি কুইজ ও কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

মেলার পরামর্শক মুজিবুল হক বলেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে শুধু একাডেমিক ফলাফল নয়, শিক্ষার্থীর আগ্রহ, দক্ষতা, সৃজনশীলতা ও ভবিষ্যৎ পরিকল্পনাও গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। মেলার কর্মশালাগুলো বিষয় নির্বাচন ও কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

মেলার অন্যতম আকর্ষণ হিসেবে চট্টগ্রামের ৩০টি কলেজের দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে আইসিটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে কর্মশালা পরিচালনা করেন এজেড কনসালটিংয়ের প্রধান ব্যবস্থাপনা ও নির্বাহী পরামর্শক আহমেদ জিবরান এবং প্রধান প্রশিক্ষক জাবিনা মাহমুদ চৌধুরী।

মেলার দ্বিতীয় ও শেষ দিন সোমবার শিক্ষার্থীদের জন্য আরও দুটি বিশেষ কর্মশালার আয়োজন রয়েছে। এতে কর্মশালা পরিচালনা করবেন করপোরেট ব্যক্তিত্ব আসিফ ইকবাল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মধ্যে সম্মাননা প্রদান করবেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ বিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান।

আয়োজকদের প্রত্যাশা, এ মেলা উচ্চশিক্ষা বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার পাশাপাশি চট্টগ্রামের শিক্ষাঙ্গনে বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করবে।

মুহাম্মদ দিদারুল আলম, মিরসরাই / এমএসএম

Link Copied