শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

হাইওয়ে পুলিশের ধাওয়ায় মটরসাইকেল ফেলে পলায়ন ঝিনাইদহে দিনেদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধ করে বিক্ষোভ

reporter

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৭ অপরাহ্ণ


হাইওয়ে পুলিশের ধাওয়ায় মটরসাইকেল ফেলে পলায়ন ঝিনাইদহে দিনেদুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের  সড়ক অবরোধ করে বিক্ষোভ

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় প্রধান সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ছাত্রলীগের ঝিনাইদহের নেতাকর্মীরা। আজ (২৭ নভেম্বর) শুক্রবার দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে হাইওয়ে পুলিশের টহল দল পৌঁছালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে চুয়াডাঙ্গার দিকে চলে যান।

স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকার দাবি অনুযায়ী, “জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। সাধুহাটি মোড়ে মিছিল থেকে স্লোগান দেওয়া হলে তিনি লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। পরবর্তীতে বোড়াই মাঠের কাছে সড়কের ওপর মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে এবং সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। এ সময় রাস্তায় সাময়িক যানচলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, এই তৎপরতার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে। বিএনপির ছাত্রছায়য় তিনি গোপনে তিনি দলকে সংগঠিত করার চেষ্টা করছেন”।

ভিডিওতে দেখা গেছে, ঝিনাইদহ হাইওয়ে পুলিশের একটি টহল দল ছাত্রলীগের বিক্ষোভের পাশ দিয়ে যাওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের নিরস্ত্র এসআই কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে বেশ কয়েকটি মটরসাইকেল ফেলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, নিষিদ্ধ দলের কর্মীরা মটরসাইকেল নিয়ে রাস্তার উপর পড়ে গেলে দলটির ছত্রভঙ্গ নেতাকর্মীরা জোটবদ্ধ হয়ে হাইওয়ে পুলিশের গাড়ির দিকে তেড়ে আসে এবং তাদের বলতে শোনা যায় “মাইর হবে, মাইর হবে”।

এরপর মাঠে কর্মরত সাধারণ মানুষ হৈ চৈ শুরু করলে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মটরসাইকেল ফেলে (ঝিনাইদহ-ল-১১-৯২৬৭) দ্রুত স্থান ত্যাগ করে। মটরসাইকেলটি এখন আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। এছাড়া একজন ছাত্রলীগ কর্মীকে ঝাপটে ধরে হাইওয়ে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নাম্বারের মটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। পরে হেলমেট পরিহিত কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা দ্রুত চুয়াডাঙ্গার দিকে চলে যায়।

স্থানীয় সাধুহাটী ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জুমার নামাজে মানুষ ব্যস্ত থাকার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। জম্মার নামাজ শেষ করে তারা লোকমুখে এ খবর জানতে পারে।

এদিকে ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান শুক্রবার বিকালে জানান, ওসি স্যারের নেতৃত্বে একদল পুলিশ মোটরসাইকেল মহড়া ও মিছিলের খবর পেয়ে পুলিশ এলাকা পরিদর্শন করেছে এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করে জড়িতদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আব্দুর রাজ্জাক রাজন মহেশপুর / এমএসএম

Link Copied