শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

logo

রায়গঞ্জে অন্যের বাড়ি থেকে পানি আনতেন এমন ছয় পরিবার পেল নিজস্ব টিউবওয়েল

reporter

সাইদুল ইসলাম আবির

প্রকাশিত: ২৭ নভেম্বর, ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ


রায়গঞ্জে অন্যের বাড়ি থেকে পানি আনতেন এমন ছয় পরিবার পেল নিজস্ব টিউবওয়েল

অন্যের বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করেই চলত ছয়টি পরিবারের দৈনন্দিন জীবন। কোনো কোনো পরিবারকে পানির জন্য পেরোতে হতো দুই-তিনটি বাড়ি। দীর্ঘদিনের এই কষ্ট ও নির্ভরশীলতা কিছুটা কমাতে এবার তাঁদের বাড়িতেই বসানো হয়েছে নিজস্ব টিউবওয়েল। সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয়টি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়ে এ মানবিক উদ্যোগ নিয়েছে বি.কে.এইচ.জি মানব কল্যাণ সংস্থা।

গত বুধবার (২৫ নভেম্বর) সংস্থাটির সদস্যরা উপজেলার বিভিন্ন গ্রামের ছয় পরিবারের বাড়িতে টিউবওয়েল পৌঁছে দেন এবং নিজেরাই সেগুলো স্থাপনের ব্যবস্থা করেন। উপকারভোগীরা হলেন—গোদগাতি গ্রামের আনোয়ার, ভাতাহাড়িয়া গ্রামের শহিদুল, কুটারগাতি গ্রামের নুর নবী ও হযরত এবং হাতেম হাসিল গ্রামের শান্তি বেগম ও মল্লিকা বেগম।

দীর্ঘদিন অন্যের বাড়ি থেকে পানি সংগ্রহের ভোগান্তি পোহানো পরিবারগুলোর কাছে নিজেদের বাড়িতে টিউবওয়েল পাওয়া যেন স্বস্তির নতুন ঠিকানা। এখন থেকে প্রয়োজনের সময় আর অন্যের বাড়িতে ছুটতে হবে না—বাড়ির আঙিনাতেই মিলবে পানি। এই উদ্যোগে খুশি পরিবারগুলোর সদস্যরা সংস্থার এমন মানবিক কাজের প্রশংসা করেছেন এবং সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেছেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছয়টি টিউবওয়েল ক্রয় ও স্থাপনে মোট ৪১ হাজার ৪০০ টাকা ব্যয় হয়েছে। প্রতিটি টিউবওয়েল কিনতে ৫ হাজার ৬০০ টাকা এবং স্থাপনের জন্য মিস্ত্রি খরচ হয়েছে ১ হাজার ৩০০ টাকা। এ কর্মসূচিতে সংস্থার এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে আর্থিক সহযোগিতা করেছেন।

২০১৮ সাল থেকে বি.কে.এইচ.জি মানব কল্যাণ সংস্থা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। অসচ্ছল মানুষের মধ্যে শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ কিনে দেওয়া, রাস্তাঘাটের সাময়িক মেরামত, মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, রমজানে ইফতার আয়োজন এবং বৃক্ষরোপণসহ নানা উদ্যোগ রয়েছে সংস্থাটির।

সংস্থার সভাপতি রুহুল আমিন রুবেল বলেন, “মানবতার সেবাই আমাদের অঙ্গীকার। বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবার নিজেদের বাড়িতে টিউবওয়েল স্থাপন করতে পারে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই উদ্যোগ। সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডে অংশ নেওয়াই আমাদের লক্ষ্য।”

সাইদুল ইসলাম আবির / এমএসএম

Link Copied