
র্যানসমওয়্যার হামলার পর দ্রুত স্বাভাবিক হচ্ছে খুচরা বিক্রয় প্রতিষ্ঠান : সফোস
প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সফোসের নতুন গবেষণায় দেখা গেছে, র্যানসমওয়্যার হামলার পর খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো জরিপের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ক্ষতি কাটিয়ে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সফোসের ষষ্ঠ বার্ষিক ‘স্টেট অব র্যানসমওয়্যার ইন রিটেইল’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে দ্রুত ঘুরে দাঁড়াতে পারলেও গত বছরের তুলনায় তথ্য এনক্রিপশনের হার ১৪ শতাংশ বেড়েছে এবং হামলার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে গড় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলারে।
প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য ব্যবসার তুলনায় খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলো হামলাকারীদের সবচেয়ে কম অর্থ পরিশোধ করেছে এবং তথ্য ও কার্যক্রম পুনরুদ্ধারে ব্যাকআপ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ব্ল্যাক ফ্রাইডে ও ছুটির দিনের কেনাকাটার মৌসুমে ডিজিটাল সেবা সচল রাখা অত্যন্ত জরুরি হলেও এ সময়েই র্যানসমওয়্যার হামলার ঝুঁকি বেশি থাকে। এর ফলে পেমেন্ট সিস্টেম, পণ্যের মজুত ব্যবস্থাপনা, অর্ডার সরবরাহ ও গ্রাহকসেবা ব্যাহত হওয়ার পাশাপাশি গ্রাহকদের আস্থাও কমে যেতে পারে।
গবেষণায় উল্লেখ করা হয়, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাজে লাগিয়ে ফিশিং, ক্ষতিকর ইমেইল, চুরি হওয়া অ্যাকাউন্টের তথ্য এবং দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করে হামলাকারীরা প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশের চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে তথ্য চুরি ও এনক্রিপশনের ঘটনাও বেড়েছে।
সাইবার ঝুঁকি মোকাবিলায় গবেষণার ফলাফলের ভিত্তিতে খুচরা বিক্রয় প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে সফোস। এর মধ্যে রয়েছে আগে থেকে শনাক্ত হওয়া নিরাপত্তার ত্রুটিগুলো দ্রুত সমাধান করা, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ও শক্তিশালী অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহারের মাধ্যমে পরিচয়ভিত্তিক নিরাপত্তা জোরদার করা এবং সন্দেহজনক কার্যক্রমের ওপর নজর রাখা। এ ছাড়া দ্রুত হুমকি শনাক্ত ও মোকাবিলায় পরিচয় যাচাই, ইমেইল, এন্ডপয়েন্ট ও নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থার মধ্যে সমন্বয় নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত ব্যাকআপ ও তথ্য পুনরুদ্ধারের প্রক্রিয়া পরীক্ষা করে জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।






















