বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

logo

ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে হরিণাকুণ্ডুতে এক নারী আটক

reporter

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ

প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ


ভূয়া ফ্যামিলি কার্ড দিতে গিয়ে হরিণাকুণ্ডুতে এক নারী আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) ফটোকপি ও ছবি সংগ্রহের অভিযোগে ফরিদা খাতুন (৪০) নামে এক নারী প্রতারককে আটক করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার ৩ নম্বর তাহেরহুদা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদা খাতুন নামের ওই নারী ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে স্থানীয় মানুষের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও ছবি সংগ্রহ করতে যান। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হলে এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে আটক করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, আটক ফরিদা খাতুন খলিশাকুণ্ডু গ্রামের শরিফুলের স্ত্রী। শরিফুল জামায়াতের কর্মী বলেও স্থানীয়ভাবে পরিচিত বলে দাবি করা হয়েছে। 
এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ব্যক্তিগত পরিচয়পত্র ও ছবি সংগ্রহের পেছনে কী উদ্দেশ্য ছিল, কারা এর সঙ্গে জড়িত এবং কোনো প্রতারণার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ঐ নারী কিছু এলোমেলো বক্তব্য দেন। 
এলাকাবাসীর দাবি, সরকারি কোনো কার্ড বা সুবিধা দেওয়ার নামে কেউ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে এলে আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে বিষয়টি যাচাই করা উচিত। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট সোপর্দ করেন। এঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 
এদিকে হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানান, ভূয়া তথ্যসংগ্রহকারী কিছু মানুষের প্রলোভনে পড়ে তথ্য সংগ্রহ করেছেন। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঐ নারীকে আইনের হাতে তুলে দেন।
এ বিষয়ে তাহেরহুদা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মজিদ বলেন এই মহিলা বা এর স্বামী শরিফুল ইসলাম জামায়াতের সর্মথক নয় তারা স্থানীয় ভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে কাজ করে। জামায়াতের সংগঠনের সাথে কোন সম্পর্ক নেই।  

এমএসএম / এমএসএম

Link Copied