
মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানি, সব দলকে চিঠি
প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তথ্য সংগ্রহে দেশজুড়ে গণশুনানির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এ বিষয়ে রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির করবে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি উচ্চপর্যায়ের টিম।
গণশুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভুক্তভোগী পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।
এতে আরও বলা হয়, গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মাইকিং ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রচারণার ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ সমন্বয়ে এ আয়োজন করা হবে। পাশাপাশি আহত-নিহত ভুক্তভোগী পরিবারগুলোকে এ বিষয়ে জানানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পাঠানো চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেসক্লাব, জাতীয় মহিলা সংস্থা ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিকেও এ চিঠি দেওয়া হয়েছে।



















